স্পোর্টস ডেস্ক : গ্র্যান্ড ওয়েডিং যাকে বলে। সাধারণত প্রাসাদ বা বিলাসবহুল রিসোর্টটেই তারকাদের বিয়ের আসর বসে। যা আমরা বিরাট কোহলি, অনুষ্কা শর্মা থেকে শুরু করে বেশ কয়েকজন ক্রিকেটার, ফুটবলার, বলিউড তারকার ক্ষেত্রে দেখে এসেছি। কিন্তু তথাকথিত ধাঁচের বাইরে বেরিয়ে সাতপাকে বাঁধা পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা রডরিগেজ। খুবই সাধারণভাবে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন বিশ্বের সেরা সেলিব্রিটিদের মধ্যে একজন।
১১ আগস্ট একটি প্রাইভেট অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন পর্তুগিজ তারকা। নিজের ইনস্টাগ্রাম পেজে রোনাল্ডো তাঁর এবং জর্জিনার ছবি পোস্ট করেন। দু'জনের হাত ধরা। দু'জনের হাতেই আংটি। পোস্টের ক্যাপশনে হৃদয়ের ইমোজি।
রোনালদোর স্ত্রী জর্জিনা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি জানান, ভবিষ্যতে বড় করে তাঁদের বিয়ের সেলিব্রেশন হবে। একটি সাক্ষাৎকারে জর্জিনা বলেন, 'ভবিষ্যতে বড় করে আমাদের বিয়ে হবে। যা আমরা পরিবার এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে সেলিব্রেট করতে পারব। আমি একসময় বিশাল বড় ক্যাসেল, বড় গাড়ি, লম্বা ড্রেস এবং হিরে ঠাসা ক্রাউন পরে বিয়ের স্বপ্ন দেখতাম। কিন্তু এখন আমি তাতে না বলছি। এখন আমি নিজের পার্টনার এবং ছেলেমেয়েদের সঙ্গে ব্যক্তিগতভাবে সেলিব্রেট করতে চাই। কারণ ক্যাসল, বাড়ি, দ্বীপ, ঘোড়া, গাড়ি সবসময় আমাদের আয়ত্তের মধ্যেই রয়েছে। কিন্তু পরিবারের সবাই মিলে সময় কাটানোর সুযোগ সবসময় হয় না।
দু'জন একে অপরের সঙ্গে সারা জীবন কাটানোর প্রতিজ্ঞা কোথায় করেছিল জানেন? বাড়ির লিভিংরুমে। শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন তারকা দম্পতি? তার খোলসা করেন রোনাল্ডোর স্ত্রী। জর্জিনা বলেন, 'আমাদের বাড়ির লিভিংরুমে বিয়ে করার সিদ্ধান্ত নিই। যেখানে আমরা রোজ ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করি। যেখানে আমরা বাস্তব জীবন কাটাই। আমি চাই এখন থেকে ৩০ বছর পর আমাদের ছেলেমেয়েরা ভাববে, এই টেবিলে দারুণ কিছু ঘটেছিল। আমাদের বাবা-মায়ের বিয়ে হয়েছিল।
এ প্রসঙ্গে রোনালদো বলেন, 'হয়ত এই একই টেবিল থাকবে না। আমরা সজ্জা বদলে দিতে পারি।' ২০১৬ সালের আগস্টে গুচির শোরুমে দু'জনের প্রথম সাক্ষাৎ। সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। সেই শুরু। অবশেষে তাঁদের প্রেম পূর্ণতা পেল।