স্পোর্টস ডেস্ক : টেস্ট অধিনায়ক হিসেবে পাকিস্তান দলে ফিরেছেন বাবর আজম। এবার তাঁর নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে পাকিস্তান। ১৯ আগস্ট লিডসের হেডিংলিতে শুরু সিরিজের প্রথম টেস্ট। চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চমকপ্রদ পরামর্শ দিলেন প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। তিনি মনে করেন, ইংল্যান্ড সফরে বাবরকে যতটা সম্ভব ইংরেজ সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া থেকে দূরে রাখা উচিত। বরং সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্ব বেশি করে প্রাক্তন টেস্ট অধিনায়ক শান মাসুদকে দেওয়া হোক।
এক অনুষ্ঠানে রশিদ বলেন, 'ইংল্যান্ড সফর কঠিন। ইংরেজ সংবাদমাধ্যম প্রায়ই সফরকারী দলকে নিয়ে অপ্রয়োজনীয় খবর তৈরি করার চেষ্টা করে। বাবর অভিজ্ঞ ক্রিকেটার। তাই ম্যানেজমেন্টের উচিত তাঁকে ইংরেজ সংবাদমাধ্যম থেকে দূরে রাখা। শান মাসুদকে বেশি করে তাঁদের সঙ্গে কথা বলতে পাঠানো। শান ইংল্যান্ডে খেলেছে এবং ইংরেজ সংবাদমাধ্যম সামলানোর অভিজ্ঞতাও তাঁর বেশি।
বাবরকে ঘিরে পাকিস্তানের অধিনায়কত্বের ছবিটা আরও জটিল হয়ে উঠেছে। টেস্ট দলের নেতৃত্ব তাঁর হাতে তুলে দেওয়ার পর এবার তাঁকে তিন ফরম্যাটের অধিনায়ক করার সম্ভাবনা নিয়ে জোর জল্পনা চলছে। শাহিন শাহ আফ্রিদি অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, এখনও তিনিই পাকিস্তানের ওয়ান ডে অধিনায়ক। একদিনের ক্রিকেটের অধিনায়ক হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে শাহিন বলেন, 'এখনও পর্যন্ত আমিই অধিনায়ক।
সাদা বলের দলের কোচ মাইক হেসন এবং নির্বাচক আকিব জাভেদ তাঁকে ওডিআই অধিনায়ক হিসেবে সমর্থন করছেন কিনা জানতে চাওয়া হলে মুচকি হেসে এমন মন্তব্য করেন শাহিন। এর আগে খবর ছড়িয়েছিল, টেস্ট অধিনায়কত্ব গ্রহণের সময় বাবরের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। সেই অনুযায়ী, ভাল ফল করতে পারলে ধীরে ধীরে তিন ফরম্যাটের অধিনায়কত্ব তাঁর হাতে তুলে দেওয়া হতে পারে। সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্ট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টে ভাল রেজাল্ট করলে তাঁকে একদিনের ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।