ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপেকে বাংলাদেশে নিয়ে আসতে চায় সরকার।
‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সামনে রেখে বিশ্বকাপজয়ী এ ফরাসি তারকাকে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন তিনি।
এদিন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির সভা শেষে এ ব্রিফিং আয়োজন করা হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের সেপ্টেম্বরে হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
ছাত্রদের এ টুর্নামেন্টে অংশগ্রহণ বাধ্যতামূলক হলেও ছাত্রীদের ঐচ্ছিক।
সেপ্টেম্বরে এ টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সোমবার টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা হয়। এ টুর্নামেন্টে কোনো প্রতিষ্ঠান দল দিতে না পারলে ওই প্রতিষ্ঠানের এমপিও বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী শাহে আলম।
তিনি শিক্ষা বোর্ড থেকে ফান্ড সংগ্রহ করে ডিসিদের মাধ্যমে এ টুর্নামেন্ট আয়োজনে অর্থ বরাদ্দ দিতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানান।
টুর্নামেন্ট ঘিরে এমবাপেকে নিয়ে আসার ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আশরাফুল ইসলাম ফয়সাল বলেন, “স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মহোদয় টুর্নামেন্টের অধিক প্রচারের জন্য সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পে বা তার মত খ্যাতিমান কোনো ফুটবলারকে নিয়ে আসা যেতে পারে বলে ব্রিফিংয়ে মন্তব্য করেছেন।
“এমবাপ্পেকেই সমাপনী অনুষ্ঠানে আনা হবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিশাল এই টুর্নামেন্টের প্রচারের জন্য খ্যাতিমান কাউকে আনার চেষ্টা করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন। উদাহরণ টেনে তিনি এমবাপ্পের কথা বলেছেন।”