স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ‘বিশ্বকাপের স্বত্ব’ বিক্রির পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ নিয়ে ইনফান্তিনোর সঙ্গে কখনও কোনো কথা হয়নি তার।
গত মঙ্গলবার বিশ্বকাপসহ ফিফার অন্যান্য টুর্নামেন্টের অংশীদারিত্ব বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব নিয়ে পরিকল্পনা জানায় ফিফা। বিষয়টি নিয়ে ফুটবল বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে।
ক্যাম্প ডেভিডে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রস্তাবের ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেন ট্রাম্প। তিনি বলেন, এই বিষয়ে ফিফাকে কখনও কিছু বলেননি তিনি।-- বিডিনিউজ
বিতর্কিত এই পরিকল্পার বিষয়ে ফিফা জানায়, বিশ্বকাপ ও অন্যান্য ইভেন্টগুলো পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি সহায়ক সংস্থা তৈরি করা হবে এবং বাইরের বিনিয়োগকারীদের কাছে ২০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রির প্রস্তাব উত্থাপন করা হবে।
সেই অনুযায়ী, ‘বাণিজ্যিক ও ইভেন্ট কার্যক্রম’ তত্ত্বাবধানের জন্য ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে সহায়ক সংস্থা প্রতিষ্ঠা করা হবে। নতুন এই এন্টারপ্রাইজের নিয়ন্ত্রণ অবশ্য নিজেদের কাছেই রাখবে সংস্থাটি। তবে ৪.২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের জন্য বাইরের বিনিয়োগকারীদের কাছে এতে কিছু শেয়ার বিক্রির প্রস্তাব দেওয়া হবে।
বিষয়টি সামনে আসার পরপরই, এর তীব্র বিরোধিতা করে নিজেদের অবস্থান জানায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা। গত বৃহস্পতিবার এক জরুরি ভার্চুয়াল বৈঠকে বসে উয়েফার ৫৫টি দেশ এবং সেখানে ইনফান্তিনোর ওই পরিকল্পনাকে ‘দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান’ করা হয়।
পরে বিবৃতি দিয়ে সংস্থাটি জানায়, ফিফা তাদের এই পরিকল্পনা পুরোপুরি বর্জন করলে, ফিফার কোনো টুর্নামেন্টে অংশ নেবে না উয়েফার কোনো জাতীয় দল। শুধু তাই নয়, এই মর্মে বাধ্যতামূলক আশ্বাস দিতে হবে যে, ফিফা আর কখনও তার পরিচালনা পর্ষদ বা প্রতিযোগিতাগুলোকে বাইরের মালিকানার জন্য উন্মুক্ত করবে না।
উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা (কনক্যাকাফ) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) কড়া ভাষায় পুরো বিষয়টি বিরোধিতা করেছে।
তবে, এত এত প্রতিবাদের মাঝেও নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। প্রস্তাবটি নিয়ে গণমাধ্যমে ভুলভাবে তুলে ধরা হয়েছে বলেও দাবি করেছে ফিফা।
ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে সম্পর্ক বেশ ঘনিষ্ট, এই গ্রীষ্মের বিশ্বকাপ দিয়ে সেটা আরও বেশি স্পষ্ট হয়েছে। ফিফা বলেছে, সম্ভাব্য বিনিয়োগ প্রতিষ্ঠানের নেতৃত্ব থাকতে পারেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনার।