স্পোর্টস ডেস্ক : শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। এসি মিলান ও ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি আর নেই। কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ থাকার পর ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
১৯৬০ সালের ৮ মে ইতালির ত্রাভাগলিয়াতোতে জন্ম নেওয়া বারেসি মিলানের উপশহর রোজ্জানোর হিউম্যানিটাস ক্লিনিকে মারা যান।
প্রায় এক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। ফুসফুসের একটি অপসারণের পর থেকেই জনসমক্ষে খুব কম দেখা যেত তাকে।
সবশেষ গত ফেব্রুয়ারিতে ২০২৬ শীতকালীন অলিম্পিককে সামনে রেখে সান সিরো স্টেডিয়ামে অলিম্পিক মশাল বহন করতে দেখা গিয়েছিল বারেসিকে। পরে তিনি এসি মিলানের সম্মানসূচক ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত হন।
ফ্রাঙ্কো বারেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার ও অধিনায়ক হিসেবে বিবেচিত। এসি মিলান ও ইতালি দুই দলেরই রক্ষণভাগে যুগের পর যুগ আস্থার প্রতীক ছিলেন তিনি। ১৯৯৭ সালে অবসরের পর তার সম্মানে মিলান ক্লাব ৬ নম্বর জার্সিটি স্থায়ীভাবে অবসরে পাঠায়। ক্লাবটির হয়ে তিনটি ইউরোপিয়ান কাপ ও দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।
ইতালির হয়ে বারেসি ১৯৮২ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। এছাড়া ১৯৯০ বিশ্বকাপে তৃতীয় এবং ১৯৯৪ বিশ্বকাপে রানার্সআপ দলের সদস্যও ছিলেন তিনি। বিশ্বকাপে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় এই তিন অবস্থানেই শেষ করা বিরল ফুটবলারদের একজন ছিলেন বারেসি। নিজের পুরো ক্লাব ক্যারিয়ারই তিনি কাটিয়েছেন এসি মিলানে। ১৯৭৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত টানা দুই দশক রোসোনেরিদের জার্সি গায়ে খেলেছেন।