সদ্য বিশ্বকাপে অভিষেকেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে মৌখিক চুক্তিতে পৌঁছেছেন। বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সের পরই এই দলবদলের খবর সামনে এসেছে।
৪০ বছর বয়সে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেন ভোজিনিয়া। তার দুর্দান্ত পারফরম্যান্সে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে জায়গা করে নেয় শেষ ৩২-এ। এরপরই চিলির শীর্ষ ক্লাব কোলো কোলোর সঙ্গে মৌখিক চুক্তিতে পৌঁছেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ক্লাবটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে এই সম্ভাব্য দলবদলের আভাস দিয়েছে।
বিশ্বকাপে চার ম্যাচে মোট ১৮টি সেভ করেন ভোজিনা। এর মধ্যে ফাইনালে ওঠা দুই দল স্পেন ও আর্জেন্টিনার বিপক্ষেই ছিল ১৫টি সেভ। তার দৃঢ় গোলরক্ষণে নির্ধারিত ৯০ মিনিটে কোনো ম্যাচেই হারেনি কেপ ভার্দে। এই অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে জায়গা পান ফিফার টিম অব দ্য টুর্নামেন্টে।
টুর্নামেন্টে তার সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স আসে পরবর্তীতে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে। গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচে সাতটি সেভ করে বিশ্বকাপে অভিষেকে ক্লিনশিট রাখা সবচেয়ে বয়স্ক গোলরক্ষকের রেকর্ড গড়েন তিনি।
শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হারের ম্যাচেও আটটি সেভ করে প্রশংসা কুড়ান ভোজিনিয়া। তার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন লিওনেল মেসিসহ ফুটবল বিশ্বের অনেক কিংবদন্তি।
ভোজিনার প্রকৃত নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। বিশ্বকাপে অংশ নেওয়ার সময় তিনি ছিলেন ফ্রি এজেন্ট। কারণ, পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
ক্যারিয়ারের শুরুতে এক সতীর্থের সঙ্গে একই নাম হওয়ায় বিভ্রান্তি এড়াতে তিনি 'ভোজিনিয়া' নামটি গ্রহণ করেন। শৈশবে দাদা-দাদির কাছে বড় হওয়ার সময় পাওয়া ডাকনাম থেকেই এই নামের উৎপত্তি।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা পান এই গোলরক্ষক। তার অনুসারীর সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে ২ কোটি ৯০ লাখেরও বেশি হয়েছে বলে জানা গেছে। কোলো কোলোর সঙ্গে সমঝোতার আগে যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব ইন্টার মায়ামিও তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চিলির রাজধানী সান্তিয়াগোভিত্তিক কোলো কোলোতে আর্জেন্টাইন কোচ ফার্নান্দো অর্টিজের অধীনে খেলবেন ভোজিনিয়া। আসন্ন কোপা লিবার্তাদোরেসকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতেই তাকে দলে ভেড়ানোর উদ্যোগ নিয়েছে ক্লাবটি।