বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। যদিও এই ঘটনায় কোনো রকম দুঃখপ্রকাশ করেননি তিনি। খবর গোল ডটকমের।
বিশ্বকাপ ফাইনালের পর ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, পারেদেস স্পেনের খেলোয়াড়দের দিকে লাথি ও ঘুষি ছোড়েন। তিনি এরিক গার্সিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং গাভির সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনার কারণে স্পেনের উদযাপন কিছুটা বিঘ্নিত হয়।
এদিকে আর্জেন্টিনার আরেক খেলোয়াড় নাহুয়েল মোলিনাকেও সংঘর্ষের সূত্রপাতের সঙ্গে জড়িত বলে দেখা যায়। অভিযোগ রয়েছে, তিনি ম্যানচেস্টার সিটির তারকা রদ্রির দিকে ঘুষি ছোড়েন।
প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষে পারেদেস লাল কার্ড পেয়েছিলেন বলে খবর ছড়িয়েছিল। তবে পরে ফিফার অফিসিয়াল রেকর্ড থেকে সেই লাল কার্ড সরিয়ে দেয়া হয় এবং তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়েছে বিবিসি স্পোর্ট।
ঘটনার পর পারেদেস ইনস্টাগ্রামে দেয়া বার্তায় লিখেছেন, ‘ধন্যবাদ আর্জেন্টিনা! আজ এবং সবসময় আমি তোমাকে ভালোবাসি। আজ আমি ভারাক্রান্ত হৃদয়ে লিখছি, কারণ আমাদের দেশকে সেই আনন্দ দিতে পারিনি, যা তারা প্রাপ্য ছিল।’
তিনি আরও বলেন, ‘তবে আমি মাথা উঁচু করে এবং অনেক গর্ব নিয়ে লিখছি, কারণ আমরা আমাদের সর্বস্ব দিয়েছি এবং আবারও আমাদের পতাকাকে সর্বোচ্চ স্থানে তুলে ধরেছি। এই দলের সঙ্গে থাকা প্রত্যেককে ধন্যবাদ।’
পারেদেস আরও যোগ করেন, ‘দলের খেলোয়াড়দের ধন্যবাদ, যারা এই জার্সির সম্মান রক্ষায় সবকিছু দিয়েছে এবং প্রতিটি ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। ইতিহাসের সেরা আর্জেন্টিনা দলের অংশ হতে পারা আমার জন্য সম্মানের।’
তবে পারেদেসের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো শাস্তি না হলেও ফাইনালের পর ঘটে যাওয়া বিশৃঙ্খলার পুরো বিষয়টি তদন্ত করবে বলে জানিয়েছে ফিফা।