ফুটবল বিশ্বকাপের ফাইনালে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে। ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহের অন্ত নেই। যে কারণে টিকিটের দাম বেড়ে হয়েছে আকাশ ছোঁয়া।
যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ফাইনালের টিকিটের গড় ক্রয়মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ ডলার। বাংলাদেশের হিসেবে যা প্রায় ১৪ লাখ টাকা।
যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা প্রায় ৮৩ হাজার। গড় টিকিটের মূল্যের সঙ্গে দর্শকের হিসাব কষলে দেখা যায় আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালের টিকিট থেকে আয় হবে প্রায় ১১ হাজার ৫৮৫ কোটি টাকা।
ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম ৭ হাজার ৬৭৬ ডলার বা প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকা। সবচেয়ে দামি টিকিটের দাম ২৮ হাজার ৪৭৯ ডলার বা প্রায় ৩৫ লাখ টাকা। টিকপিকের হিসাবে, যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে এবারের বিশ্বকাপ ফাইনালের টিকিট সবচেয়ে দামী। এর আগে ২০২৪ এর সুপার বোল এলভির ফাইনালের টিকিটের গড় মূল্য ছিল ৯ হাজার ৪১১ ডলার।
এবারের বিশ্বকাপে টিকিট বিক্রি হচ্ছে রিসেল পদ্ধতিতে। অর্থাৎ টুর্নামেন্ট শুরুর আগে ফিফা ম্যাচ প্রতি টিকিটির একটি প্রাথমিক মূল্য তালিকা দিয়েছিল। ম্যাচের গুরুত্ব অনুযায়ী, টিকিটির চাহিদা বাড়ার সঙ্গে ফিফাও বাড়িয়েছে টিকিটের দাম। বিশ্বকাপের ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য যেমন ১০ হাজার ৯৯০ ডলার ছিল। যা এখন প্রায় সাড়ে ২৮ হাজার ডলার। ফিফার এভাবে টিকিটের মূল্য বাড়ানোকে অনেকে ‘ফিফার ব্লাক টিকিট’ আখ্যা দিয়েছেন।