শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের কিংবদন্তি কাফুর অনন্য রেকর্ডে ভাগ বসাচ্ছেন মেসি

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্পেনের বিরুদ্ধে শিরোপা ধরে রাখার এই লড়াইয়ে স্বভাবতই সব আলো কাড়ছেন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল লিওনেল মেসি। ফুটবল ইতিহাসকে নিজের মতো করে রাঙানো এই মহাতারকা এবার আরও একটি ঐতিহাসিক রেকর্ডের দোরগোড়ায়। 

স্পেনের বিপক্ষে মাঠে নামলেই ব্রাজিলের কিংবদন্তি কাফুর পর ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলার অনন্য কীর্তি স্পর্শ করবেন মেসি। 

বিশ্বকাপের মঞ্চে তিনটি ফাইনাল খেলার একক রেকর্ডটি এতদিন ছিল কেবল ব্রাজিলিয়ান কিংবদন্তি রাইটব্যাক কাফুর দখলে। তার এই যাত্রার শুরু হয়েছিল ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে, ইতালির বিপক্ষে ফাইনালে। ২৪ বছর বয়সি তরুণ কাফু তখনো মহাতারকা হয়ে ওঠেননি। ম্যাচের শুরুতে বেঞ্চে থাকলেও, প্রথমার্ধের মাঝামাঝি সময়ে জর্জিনহোর ইনজুরির কারণে মাঠে নামার সুযোগ পান তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে পুরো ম্যাচ খেলেন এবং পেনাল্টি শুটআউটে ব্রাজিলের চতুর্থ বিশ্বকাপ জয়ের সাক্ষী হন। 

এরপর ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে কাফু ছিলেন ব্রাজিল দলের অবিসংবাদিত স্তম্ভ। তবে সেবার জিনেদিন জিদানের ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। 

Advertisement

ব্রাজিলিয়ান এই কিংবদন্তির ক্যারিয়ারের চূড়ান্ত মুকুটটি আসে ২০০২ সালের কোরিয়া-জাপান বিশ্বকাপে। অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে নেতৃত্ব দিয়ে জার্মানিকে ২-০ ব্যবধানে হারিয়ে সেবার পাঁচ তারকা খচিত সেলেসাওদের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। ফলে ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে টানা তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ড গড়েন কাফু। 

এদিকে, লিওনেল মেসি তার দীর্ঘ ক্যারিয়ারে ফুটবল মানচিত্রে গভীর দাগ কেটেছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো ও গুইলারমো ওচোয়ার মতো কিংবদন্তিদের পাশে বসে তিনি অংশ নিয়েছেন মোট ছয়টি বিশ্বকাপে। মাত্র ১৮ বছর বয়সে নিজের প্রথম বিশ্বকাপ খেলা মেসি দুই দশক পরও আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন।

মেসির বিশ্বজয়ের যাত্রাটা যদিও সহজ ছিল না। 

২০১৪ সালে ব্রাজিলের মাটিতে জার্মানির বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ ফাইনাল খেলেন তিনি। তবে অতিরিক্ত সময়ের গোলে ১-০ ব্যবধানের সেই হার ছিল আর্জেন্টিনার জন্য চরম বেদনার। 

অবশেষে ফুটবল বিধাতা যেন মেসির প্রাপ্য ফিরিয়ে দিলেন ২০২২ সালের কাতার বিশ্বকাপে। এমবাপ্পের ফ্রান্সের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর ফাইনাল শেষে আর্জেন্টিনার জার্সিতে তৃতীয় বিশ্বকাপ জয় করেন মেসি। 

আর আগামী রোববার (১৯ জুলাই) স্পেনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এই ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, ফুটবল ইতিহাসের পাতায় মেসির নাম যে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে, তা বলাই বাহুল্য। 

উল্লেখ্য,  ইতিহাসে রোনালদো নাজারিও, পেলে, লোথার ম্যাথাউস এবং পিয়ের লিটবারস্কির মতো কিংবদন্তিরাও তিনটি বিশ্বকাপের ফাইনালে স্কোয়াডে ছিলেন। কিন্তু কাফু এবং আসন্ন ম্যাচে মেসির সঙ্গে তাদের একটি বড় পার্থক্য রয়েছে। 

বয়স বা ইনজুরির কারণে এই তারকাদের কেউ না কেউ কোনো একটি ফাইনালের মূল ম্যাচে মাঠে নামতে পারেননি। ফলে পূর্ণাঙ্গভাবে তিনটি ফাইনাল খেলার রেকর্ডে কাফুর পর কেবল মেসিই নিজের নাম লেখাতে চলেছেন। 

মেসি তিনটি বিশ্বকাপের ফাইনালে খেলার অপেক্ষায় থাকলেও টানা তিন বিশ্বকাপ খেলার অনন্য রেকর্ড অবশ্য কাফুর দখলেই থাকছে। 

 

  • সর্বশেষ