শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ০১:৫৩ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের ফোনের পর বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত, বিতর্কে ফিফা

বিশ্বকাপের শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে যুক্তরাষ্ট্র শিবিরে বড়সড় নাটকীয়তার অবসান হলো। ফিফার নিয়ম অনুযায়ী বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখা ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পর্যালোচনার জন্য সরাসরি হস্তক্ষেপ করেছে হোয়াইট হাউস। আর সেই ফোনের পরই ফিফা তার ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করেছে।

গত ১ জুলাই বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ২-০ গোলের জয়ের ম্যাচে ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের পিঠের ওপর পা রাখার দায়ে সরাসরি লাল কার্ড দেখেছিলেন ফোলারিন বালোগান। ভিএআর পর্যালোচনার পর রেফারি এই সিদ্ধান্ত নেওয়ায় স্বাভাবিক নিয়মেই এক ম্যাচ নিষিদ্ধ হন তিনি। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন মার্কিন কোচ মরিসিও পচেত্তিনো। কারণ, সরাসরি লাল কার্ড দেখলে এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ থাকে না।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম গিভ মি স্পোর্টস-এর প্রতিবেদন অনুযায়ী, এই সংকটময় মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে সরাসরি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বালোগানের এক ম্যাচের বহিষ্কারের ঘটনাটি পুনরায় পর্যালোচনার অনুরোধ জানান। এরপর ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারা অনুযায়ী এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। 

যদিও আনুষ্ঠানিক মন্তব্যে ফিফা স্পষ্ট করেছে যে, তাদের শৃঙ্খলা প্যানেল সম্পূর্ণ স্বাধীন এবং কোনো রাজনৈতিক হস্তক্ষেপে এই সিদ্ধান্ত প্রভাবিত হয়নি। তবে ফিফা এই শাস্তির পরিবর্তে বালোগানকে এক বছরের জন্য শর্তসাপেক্ষ মুক্তি দিয়ে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছে। এই সময়ের মধ্যে তিনি যদি একই ধরনের কোনো গুরুতর ফাউল বা নিয়মভঙ্গ না করেন, তবে এই নিষেধাজ্ঞা আর কার্যকর হবে না।

এই টুর্নামেন্টে বালোগান যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত চারটি গোল করেছেন। আর্সেনালের হেইল এন্ড একাডেমি থেকে উঠে আসা মোনাকোর এই তারকা প্রতিটি ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে অবদান রেখেছেন। মঙ্গলবার সকালে বেলজিয়ামের বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে তার উপস্থিতি যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর।

ফিফার এই আকস্মিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘সঠিক কাজটি করার জন্য এবং একটি বড় অবিচারকে বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ!’

বালোগানের লাল কার্ডটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু থেকেই তীব্র বিতর্ক চলছিল। অনেক ফুটবল ভক্তই এটিকে অন্যায্য বলে দাবি করেছিলেন। খোদ বালোগানও শুক্রবার সাংবাদিকদের বলেছিলেন, ফাউলটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং বড়জোর একটি হলুদ কার্ডই এর জন্য যথেষ্ট ছিল।

হোয়াইট হাউসের ফোনের বিষয়টি প্রকাশ পাওয়ার পর ফুটবল বিশ্বে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সমালোচকদের মতে, ফুটবলের মতো একটি স্বাধীন ক্রীড়া সংস্থায় উচ্চপর্যায়ের রাজনৈতিক হস্তক্ষেপ ভবিষ্যতে বাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তবে পচেত্তিনো ও মার্কিন সমর্থকরা এখন কেবল মঙ্গলবার সকালের ম্যাচের দিকেই তাকিয়ে—যেখানে তাদের দলের গোলমেশিন বালোগানকে আবারও মাঠ কাঁপাতে দেখা যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়