শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৩:১৮ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তিস্তা থেকে ফেলানী, আর কত পাঞ্জেরী?’: ডার্বির গ্যালারিতে ভারতকে কড়া বার্তা বাংলাদেশের

ভারতকে ২২ বছর পর হারানোর স্বাদ নিয়েছে বাংলাদেশ। শেখ মোরসালিনের গোলে অধরা জয়টা ধরা দিয়েছে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের হাতে। তবে ভারতের বিপক্ষে এই ম্যাচ যে আর দশটা সাধারণ ম্যাচ ছিল না, তা আর বলতে! একাধিকবার ম্যাচে এর ছাপ দেখা গেছে।

ম্যাচের আগে জামাল ভূঁইয়া জানিয়ে রেখেছিলেন, এই ম্যাচে প্রতিটা ইঞ্চির জন্য লড়বেন। সঙ্গে জুড়ে দিয়েছিলেন ভারতের ফুটবলার ব্রেন্ডন ফের্নান্দেজকে ট্যাকলের ভিডিওটাও। তাতেই প্রচ্ছন্ন বার্তা ছিল যেন, ‘ছেড়ে কথা বলব না, ছেড়ে কথা বলবে না আমার দল’।

সে বার্তা সমর্থকদের মাঝেও সংক্রমিত হলো। শেষ কয়েক বছর ধরেই বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ মানে লাল-সবুজের জোয়ার ওঠে স্টেডিয়ামে। দক্ষিণ এশিয়ার সেরা ডার্বি ম্যাচে তার শ্রেষ্ঠ অধ্যায়টাই যেন দেখা গেছে। 

এখানেই শেষ নয়। জুলাই আন্দোলনের বিখ্যাত স্লোগান, ‘দিল্লি না ঢাকা? ঢাকা! ঢাকা!!’ শোনা গেছে ক্ষণে ক্ষণে। 

Advertisement

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে গ্যালারিতে এক টিফো। যেখানে লেখা ছিল, ‘তিস্তা থেকে ফেলানী, আর কত পাঞ্জেরী?’ দুই দেশের উষ্ণ সম্পর্কের সময়ে সীমান্তে লাশ পড়েছে একের পর এক, তৎকালীন সরকার তাতে বালির বাঁধটাও দিতে পারেনি। এমনকি তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়েও হাপিত্যেশ বহুদিনের। সে ক্ষোভটাই যেন আজ ফুটে উঠল ফুটবল সমর্থকদের ব্যানার-টিফোয়। 

ভারত এই লড়াইটা যে কোনো মূল্যে জিততে চেয়েছিল। প্রথম লেগের ঠিক আগে সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে নিয়ে আসা, কিংবা এই লেগের ঠিক আগে ফিফার অনুমতি ছাড়াই রায়ান উইলিয়ামসকে ঢাকায় নিয়ে আসা… সব মিলিয়ে ভারতের মরিয়া রূপের দেখা মিলেছে বাংলাদেশের বিপক্ষে দুই লেগেই। এক গোলে পিছিয়ে পড়ে মেজাজ হারিয়ে বাংলাদেশের সঙ্গে বিবাদেও জড়িয়েছে। ডার্বি ম্যাচ হবে, আর এসব হবে না, তা কী করে হয়?

এতসব কিছুর পর বাংলাদেশ জয়শূন্য থেকে মাঠ ছাড়লে উৎসবটা যেন অপূর্ণই থেকে যেত। তবে হামজা-মোরসালিনরা সেসব হতে দেননি। বাংলাদেশ জয় তুলে নিয়েছে, প্রেক্ষাপটটা সেই জয়ের স্বাদ বাড়িয়ে দিয়েছে আরও বহুগুণে।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ