শিরোনাম
◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ ◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা ◈ পাখিরা আসছে, ইচ্ছেমতো খাচ্ছে, দোকানদার বলছেন—‘খাক, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন’ (ভিডিও) ◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ◈ ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, কেন বাড়ছে তরুণদের ক্ষোভ? ◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা ◈ নিলামে শরিফুলকে পেতে ২ কোটি ৩০ লাখ সিটিজেনস ব্যাংকের, তাসকিনকে ওয়ালটনের ২ কোটি ১০ লাখ  ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন রিশাদও ◈ জ্বালানি নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ১২:৫২ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৬, ১২:৫২ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কন্যাশিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্মাননা পেলেন ৫ আদর্শ পিতা

মনিরুল ইসলাম : কন্যাশিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা, তাদের স্বপ্নপূরণে পাশে দাঁড়ানো এবং বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে পাঁচজন আদর্শ পিতাকে সম্মাননা দিয়েছে গুড নেইবারস বাংলাদেশ। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীতে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ‘ন্যাশনাল গুড ড্যাডি ক্যাম্পেইন ২০২৬’-এর অনুষ্ঠানে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

‘মেয়েদের পাশে পিতারা : শিক্ষায় হ্যাঁ, বাল্যবিবাহে না’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল কন্যাশিশুর শিক্ষাজীবন অব্যাহত রাখা, বাল্যবিবাহ প্রতিরোধে পারিবারিক সচেতনতা বাড়ানো এবং মেয়েদের ভবিষ্যৎ গঠনে বাবাদের দায়িত্বশীল ভূমিকা উৎসাহিত করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি হেড বার্টিন গোমেজ। বক্তব্য দেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, ব্র্যাকের শিক্ষা কর্মসূচির ব্যবস্থাপক ইফাত আরা পারভীন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি ও চাইল্ড প্রোটেকশন বিভাগের ন্যাশনাল কো-অর্ডিনেটর জামাল উদ্দিন এবং ফুড ফর দ্য হাংরি বাংলাদেশের প্রোডাক্টিভ লার্নিং স্পেশালিস্ট নুসরাত বিনতে হায়দারসহ অন্যরা।

সভাপতির বক্তব্যে বার্টিন গোমেজ বলেন, মেয়েদের স্বপ্নপূরণে বাবাদের আন্তরিক সহযোগিতা, সচেতন সিদ্ধান্ত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যাশিশুর শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং তার জন্য নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Advertisement

অনুষ্ঠানে গুড ড্যাডি অ্যাওয়ার্ড ঘোষণা করেন সংস্থাটির হেড অব প্রোগ্রাম আনন্দ কুমার দাস। এ সময় বিভিন্ন কমিউনিটি থেকে নির্বাচিত পিতা ও তাঁদের কন্যারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের অভিজ্ঞতায় কন্যাশিশুর শিক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবারের ইতিবাচক ভূমিকার গুরুত্ব উঠে আসে।

বাল্যবিবাহ প্রতিরোধে বাবাদের অঙ্গীকার

দিনব্যাপী কর্মসূচিতে গুড ড্যাডি ক্যাম্পেইনের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, অভিজ্ঞতা বিনিময়, বাল্যবিবাহ প্রতিরোধে শপথ পাঠ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে কন্যাশিশুদের স্বপ্ন ও সম্ভাবনা তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া পিতারা তাঁদের কন্যাদের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক অভিভাবকত্বের চর্চা সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ জোরদার করতে ‘গুড ড্যাডি নেটওয়ার্ক’ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধ কেবল পরিবারের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে পরিবার, স্থানীয় জনগোষ্ঠী, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে মেয়েদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে বাবাদের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 ২০১৬ সাল থেকে সম্মাননা দিচ্ছে গুড নেইবারস বাংলাদেশ

গুড নেইবারস বাংলাদেশ ২০১৬ সাল থেকে কন্যাশিশুর শিক্ষা বিস্তার ও বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখা আদর্শ পিতাদের সম্মাননা দিয়ে আসছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত মোট ২৯৬ জন বাবাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

ইতিবাচক অভিভাবকত্বের চর্চা ছড়িয়ে দেওয়া, কন্যাশিশুর শিক্ষার প্রসারে অন্য অভিভাবকদের উৎসাহিত করা এবং মেয়েদের প্রতি দায়িত্বশীল পারিবারিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

সংশ্লিষ্টদের মতে, কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত করতে পরিবারের সমর্থন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। বাবারা যখন মেয়েদের শিক্ষা, মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনাকে গুরুত্ব দেন, তখন তাঁদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আরও বিস্তৃত হয়। তাই আদর্শ পিতাদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এ ধরনের উদ্যোগের বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়াও গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ