প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় এ বৈঠকে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান কর্মসূচি নিয়ে সরকার উদ্বিগ্ন। তাই জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ইচ্ছে পোষণ করছেন প্রধানমন্ত্রী। এতে তারা সাড়া দিয়েছেন। তবে তারা এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখতে চান। বিশেষ করে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়সহ বিভিন্ন দাবি জানাবেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠকের নির্দিষ্ট কোনও এজেন্ডা নেই। তবে ধারণা করা হচ্ছে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে আমরা আমাদের উদ্বিগ্নতার কথা জানাবো। বিশেষ করে সরকার বিগত দিনে যে ভুলগুলো করেছে, তা তুলে ধরবেন শীর্ষ নেতারা। পাশাপাশি এই মুহূর্তে সরকারের করণীয় সম্পর্কেও পরামর্শ দেওয়া হবে।
অবশ্য ২২ জুলাই লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন।
এর আগে রবিবার (২২ নভেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন, এনসিপির সঙ্গে সংলাপ শেষে ধারাবাহিকভাবে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।