শিরোনাম
◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ ◈ দাউদ ইব্রাহিমের কার্যালয় হিসেবে ব্যবহৃত ভবনে বুলডোজার ◈ একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প ◈ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির ‘ছায়াযুদ্ধ’, ত্রিমুখী সংকটে ভারত ◈ চাল উৎপাদনে রেকর্ড গড়েও মহাসংকটে ভারত, নেপথ্যে কী? ◈ মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫ ◈ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশনা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম পরীক্ষায় সফল রূপপুর, সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ পেল জাতীয় গ্রিড

জাতীয় গ্রিডে প্রায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রথম দফার পরীক্ষায় ইউনিটটির উৎপাদন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে উন্নীত হয়েছিল। পরবর্তী কারিগরি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। সংযোগের ২৯ মিনিট পর উৎপাদন দাঁড়ায় ৩৫০ মেগাওয়াটে। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন ৩০০ মেগাওয়াটে স্থির রেখে পর্যায়ক্রমে তা ৩৭৫ মেগাওয়াটে উন্নীত করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ ঐতিহাসিক কার্যক্রম শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান রাত ১১টা ৫০ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রিডে সংযোগের আগে জেনারেটর ও জাতীয় গ্রিডের ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এবং অন্যান্য বৈদ্যুতিক বৈশিষ্ট্যের সামঞ্জস্য নিশ্চিত করা হয়। এরপর উৎপাদন বাড়িয়ে কেন্দ্রের যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থার স্থিতিশীলতা পরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ সময় টারবাইন, জেনারেটর ও গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়েছে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টার জন্য আবারও গ্রিডে সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরবর্তী পরীক্ষাগুলোতে প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো বা কমানো হবে। কোনো কোনো পরীক্ষার জন্য ইউনিট সাময়িকভাবে বন্ধও রাখতে হতে পারে। গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সময় উৎপাদনের ওঠানামায় ভারসাম্য রক্ষায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যেতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পেলে শুরু হবে পরীক্ষামূলক পরিচালনা বা ‘ট্রায়াল অপারেশন’। এ পর্যায়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে রিয়্যাক্টর, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে। 

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে চুক্তি অনুযায়ী, বায়েরা অনুমোদনের পর শুরু হওয়া ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ পর্যায় শেষে রোসাটমের কাছ থেকে ইউনিটটির দায়িত্ব প্রাথমিকভাবে বুঝে নেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করার চেষ্টা থাকবে। তবে উৎপাদন বৃদ্ধির বিষয়টি পরীক্ষার ফলাফল ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভর করবে।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান এনপিসিবিএল। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট এখানে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

  • সর্বশেষ