মনিরুল ইসলাম: চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী বাংলাদেশ। দেশের পানির ন্যায্য হিস্যা ও দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে সরকার। একই সঙ্গে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দেশটির সরকারের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে বাংলাদেশ আশাবাদী। ভারতও এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা করছে সরকার।
তিনি জানান, পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছেন। পানিসম্পদমন্ত্রী ও সরকারের অর্থ উপদেষ্টা এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিও কমিটিতে রয়েছেন।
শামা ওবায়েদ বলেন, ভারতের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনাও হবে। এ আলোচনায় ইতিবাচক ফল আসবে বলে আশা করছে বাংলাদেশ।
বিদ্যমান চুক্তি সরাসরি নবায়ন করা হবে, নাকি সংশোধিত শর্ত যুক্ত করে নতুন চুক্তি করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গঠিত কমিটির পর্যালোচনার ভিত্তিতেই সরকার আলোচনার অবস্থান নির্ধারণ করবে।
প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, বাংলাদেশের ন্যায্য দাবি এবং দেশের বর্তমান ও ভবিষ্যৎ পানির চাহিদাকে ভিত্তি করেই আলোচনা এগিয়ে নেওয়া হবে। পানিসংকট সমাধান ও দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।
সৌদি সরকারের জবাবের অপেক্ষায় ঢাক
এদিকে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির সরকারের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। সৌদি আরবে বাংলাদেশের মিশন এ বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এখনো সৌদি সরকারের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে এবং সময় লাগছে। তবে দ্রুতই সৌদি সরকারের কাছ থেকে তথ্য পাওয়া যাবে বলে আশা করছে বাংলাদেশ।
এর আগে গত ১৪ অক্টোবর মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানায় সৌদি কর্তৃপক্ষ। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশকে এ বিষয়ে কিছু জানানো হয়নি বলে জানায় ঢাকা।
সংবাদমাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ সরকার।
এর অংশ হিসেবে গত ১৫ অক্টোবর জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট সৌদি আরবের পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চায়।
এর তিন দিন পর ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ সময় জেদ্দার পররাষ্ট্র দপ্তরে পাঠানো একই চিঠি পুনরায় সৌদি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করে মন্ত্রণালয়।