হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের হাত-পা বেঁধে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশের একটি ধানখেত থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে রোববার (১ নভেম্বর) রাতের যেকোনো সময় এ নৃশংসতার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত দেলোয়ার হোসেন কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়দের একটি অংশের দাবি, দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন এবং তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাশারুল আলম বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার আগেই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দেলোয়ার চুরির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করলেও কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, হাত-পা বাঁধা ও চোখ উপড়ে ফেলা অবস্থায় এক যুবককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। এ ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।