রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৩৪ জন, ওয়ারীতে ৫১ জন, মতিঝিলে ৬৮ জন, তেজগাঁওয়ে ৭৪ জন, মিরপুরে ৭১ জন, গুলশানে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে একটি তলোয়ার, একটি চাপাতি, লোহার রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির একটি চাকতি এবং একটি লোহার রড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন ও ৬৬৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযান শেষে একটি প্রাইভেটকারও জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।