এল আর বাদল: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে, অপেক্ষা এখন ভোটের ফলাফলের।
এই প্রতিবেদনও বিধানসভার ভোট নিয়েই, তবে এই কাহিনির শুরু প্রায় দুই দশক আগে। ভোটের খবরাখবর নিতে সেবার গিয়েছিলাম এক বাংলাদেশি ভূখণ্ডে।
উত্তরাঞ্চলীয় কোচবিহার জেলার একটা গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেবার, সঙ্গী ছিলেন কোচবিহারের এক সিনিয়র সাংবাদিক। চাষের খেতের মাঝ বরাবর আলপথ দিয়ে যেতে যেতে তিনি হঠাৎই বললেন, এই ছিলে ভারতে, আর এই তোমার পা পড়ল বাংলাদেশি ভূখণ্ডে। --- বিবিসি বাংলা
কোনো কাঁটাতারের বেড়া ছিল না, দুই দেশের সীমান্ত রক্ষীদের কড়া নজরদারিও ছিল না, তবুও পেরিয়ে চলে গেলাম এক দেশ থেকে অন্য দেশে।
গ্রামটার নাম পোয়াতুরকুঠি। ভারতের অভ্যন্তরে থাকা ৫১টি বাংলাদেশি ছিটমহলগুলির মধ্যে সব থেকে বড়ো গ্রাম ছিল এটি। ঠিক দুই দশক পরে আবারও ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফিরে গিয়েছিলাম ওই গ্রামটিতে।
ভারতীয়রা যে ভোট দিতে পারবেন না?'
বিবিসি বাংলা যখন পোয়াতুরকুঠি, মশালডাঙ্গার মতো বাংলাদেশি ছিটমহলগুলোতে ঘুরছে, মানুষের নাগরিকত্বহীন হয়ে বেঁচে থাকার কাহিনি শুনছে, তার কিছুদিন পরেই ছিল ২০০৬ সালের বিধানসভা নির্বাচন।
ভোটগ্রহণের প্রস্তুতি দেখতে সেই সময়ে কোচবিহারে হাজির হয়েছিলেন ভারতের নির্বাচন কমিশনের তৎকালীন উপ-প্রধান নির্বাচন কমিশনার।
সরকারি বৈঠক সেরে বেরোনোর সময়ে কোচবিহার শহরের সার্কিট হাউসের সামনে তাকে প্রশ্ন করেছিলাম, "অনেক ভারতীয় নাগরিক তো এবার নির্বাচনে ভোট দিতে পারবেন না। তাদের ব্যাপারে কমিশন কী ভাবছে?
ততদিনে আমি যেমন ভারতের অভ্যন্তরে বাংলাদেশি ছিটমহলের মানুষের কথা শুনেছি, তেমনই জেনে গেছি বাংলাদেশের ভেতরেও আছে অনেক ভারতীয় ভূখণ্ড। সেখানকার নাগরিকদের ভারতের নির্বাচনে অংশ নেওয়ার ব্যবস্থা নেই।
প্রশ্নটা শুনে একটু ঘাবড়িয়েই গিয়েছিলেন নির্বাচন কমিশনের ওই শীর্ষ কর্মকর্তা। একটু ব্যাখ্যা করে বলেছিলাম, "বাংলাদেশের অভ্যন্তরে যে ১১১টি ভারতীয় ছিটমহল আছে, তারা তো খাতায় কলমে ভারতের নাগরিক। এই ভারতীয়রা যে ভোট দিতে পারবেন না? তাদের ভোট নেওয়ার কী ব্যবস্থা করছেন? তিনি জবাব এড়িয়ে গিয়ে বলেছিলেন জেলাশাসকের সঙ্গে কথা বলতে। গিয়েছিলাম তৎকালীন জেলাশাসকের কাছেও।
প্রশ্ন শুনেই তার জবাব ছিল, ভোটের আগে কি এটা একটা আলোচনা করার মতো ইস্যু?
কিছুক্ষণ তর্কও হয়েছিল, মনে আছে।
তবে, ওই যে, বছরের পর বছর যে প্রান্তিক মানুষগুলোকে নিয়ে কোনো সরকারেরই মাথাব্যথা ছিল না, তাদের নাগরিকত্ব নিয়ে যেন কারোই কোনো দায় ছিল না – সেটা আবারও সেদিন উপলব্ধি করেছিলাম।
বছর ২০ পরে এই কদিন আগে যখন আবারও ফিরে গিয়েছিলাম পোয়াতুরকুঠিতে, দেখা করলাম মনসুর আলির সঙ্গে। কয়েক বছর আগে সেরিব্রাল স্ট্রোকের পর থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন। বহুদিন পরে আমাকে দেখে অল্পস্বল্প চিনতে পেরে কান্নাকাটি করছিলেন।
যেদিন ছিটমহল বিনিময় হচ্ছিল ২০১৫ সালের ৩১শে অগাস্ট মাঝরাতে, সেদিন এই মানুষটার বলা একটা কথা এখনও কানে লেগে আছে : "আমার এই ৭৬ বছর বয়সে চারটে দেশের বাসিন্দা হয়ে থেকেছি – প্রথমে ব্রিটিশ ভারত, তারপর পূর্ব পাকিস্তান, ১৯৭১ এর পর থেকে বাংলাদেশ। এখন ভারতীয় হলাম।
ভারতের নির্বাচন কমিশন গত কয়েক বারের মতোই এই ২০২৬ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও বৃদ্ধ, চলশক্তিহীন ভোটারদের বাড়ি গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করেছে।
ছিটমহলের 'বাংলাদেশি'রাও ভোট দিতেন ভারতে
সাবেক ছিটমহলগুলির মানুষ আনুষ্ঠানিকভাবে ভারতের ভোটে অংশ নিতে শুরু করেন ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময়ে। তবে একবার তারা বাংলাদেশের একটি নির্বাচনেও ভোট দিয়েছিলেন। সেটা ছিল প্রতিবেশী দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন।
সাবেক ছিটমহলগুলির প্রবীণ বাসিন্দারা আমাকে বলেছিলেন যে ১৯৭৮ -৭৯ সাল নাগাদ বাংলাদেশের ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য বিশেষ ব্যবস্থাপনায় সেদেশ থেকে ভারতের মধ্যে দিয়ে ছিটমহলে ভোট করাতে এসেছিলেন কর্মকর্তারা। একজন সম্ভবত সেই ভোটের প্রার্থীও হয়েছিলেন, যে কারণে অনেক দশক পরেও তিনি পরিচিত ছিলেন 'মেম্বার আলি' নামে।
বাংলাদেশি ছিটমহলের ভোট নিয়ে লিখতে গিয়ে মনে পড়ল, সেই ২০০৬ সালে প্রথমবার ছিটমহলে যাওয়ার পরে কোনো একটা নির্বাচনের সময়ে ছিটমহলে গিয়ে শুনতে পেলাম যে অনেকেই নাকি সেবার ভারতের ভোটার হয়েছেন। অনেকের কাছেই দেখতে পেয়েছিলাম সেই ভোটার কার্ড। বিষয়টা নিয়ে খোঁজখবর করতেই জানা গিয়েছিল সত্যটা।
তারা বলছিলেন, "ছিটের বাইরে গেলেই পুলিশ আর বিএসএফ হেনস্তা করত। তাই বাধ্য হয়েই বাপ-মায়ের পরিচয় লুকিয়ে অবৈধ ভাবে ভারতের ভোটার কার্ড বানিয়েছিলাম। ভোটও দিয়েছি একবার। হাজার দশেক টাকা লেগেছিল কার্ড বার করতে। তবে এখন বৈধ ভোটার কার্ড পেয়ে গেছি সবাই।"
এবারে, ২০২৬ সালে ভোটের আগেও কথায় কথায় কয়েকজনের কাছে জানতে চেয়েছিলাম যে সেই পুরোনো ভোটার কার্ডগুলো আছে কিনা। একজন তো সঙ্গে সঙ্গেই বার করে দেখালেন পুরোনো সেই কার্ড – স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন যত্ন করে।
জিহাদ হোসেইন ওবামা
নাম-পরিচয় ভাঁড়িয়ে যে শুধু ভোটার কার্ড করিয়েছিলেন সাবেক ছিটমহলগুলির বাসিন্দারা, তা নয়। জীবনযাপনের প্রায় প্রতিটা ক্ষেত্রেই পরিচয় ভাঁড়িয়ে ভারতীয় কোনো আত্মীয়ের পরিচয় ব্যবহার করতে হত তাদের – না হলে যে চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা – কোনো পরিসেবাই পাওয়ার অধিকারী ছিলেন না তারা। তবে এই ট্র্যাডিশনে ছেদ টানে একটি শিশুর জন্ম। সেই জিহাদ হোসেইন ওবামার কথাই লিখেছিলাম একটু আগে।
জিহাদ হোসেইন ওবামা কেউকেটা কেউ নন। এখন ১৬ বছরের কিশোর। মধ্য মশালডাঙ্গা সাবেক ছিটমহলের বাসিন্দা এই কিশোরের সঙ্গে এবার ভোটের আগে গিয়ে দেখা হয়নি। বাবার সঙ্গে কাজে গেছে মুর্শিদাবাদে। এই জিহাদের জন্ম কাহিনি খুবই চিত্তাকর্ষক। জিহাদ-ই প্রথম ছিটমহলের সন্তান, যে নিজের বাবা-মায়ের আসল পরিচয়েই জন্মিয়েছে ভারতের হাসপাতালে।
তার এই নামকরণের পিছনে একটি কাহিনি আছে, লড়াইয়ের কাহিনি – ভারতের সরকারি ব্যবস্থাপনার সঙ্গে এক ছিটমহলবাসী দম্পতির অসম লড়াইয়ের ঘটনা। এই লড়াইটা শুরু হয়েছিল যখন জিহাদের মা আসমা বিবি-র প্রসব বেদনা উঠেছিল ২০১০ সালের ২৯শে ফেব্রুয়ারি।
আসমা বিবি আর তার স্বামী শাহজাহান শেখ চেয়েছিলেন তাদের সন্তান আসল বাবা-মায়ের পরিচয় নিয়েই জন্মাক, কিন্তু বাধ সেধেছিল ভারতের দিনহাটা হাসপাতাল।
তবে এক সময়ে ছিটমহলবাসীদের সম্মিলিত চাপের কাছে মাথা নোয়াতে হয় ওই হাসপাতালকে। নিজের নাম আর ছিটমহলের ঠিকানা দিয়েই আসমা ভর্তি হন আর জন্ম হয় জিহাদের। ঘটনাচক্রে আসমা বিবি-র নামও বাদ গেছে এসআইআর প্রক্রিয়ায়। আর জিহাদের তো এখনও ভোট দেওয়ার বয়সই হয়নি।
কীভাবে জড়ালেন রাজনীতিতে?
সাবেক ছিটমহলগুলির বাসিন্দারা বলছিলেন যে তাদের কারো ওপরে স্থানীয় রাজনৈতিক দল বা নেতাদের চাপ ছিল তাদের দলে যোগ দেওয়ানোর জন্য।
কেউ বলছিলেন ব্যক্তি স্বার্থের কথা। আবার তৃণমূল কংগ্রেস এবং বিজেপি – দুই পক্ষেরই যে সাবেক ছিটমহলগুলির নতুন ভারতীয় হয়ে ওঠা ভোটারদের প্রয়োজন ছিল, সেটাও বলছিলেন কয়েকজন।
আর রাজনীতির এই ভাগাভাগিতে কেউ এখন এক সময়ের সহ-আন্দোলনকারীদের মুখ দেখেন না, কথা বলেন না।
পোয়াতুরকুঠির বাসিন্দা, স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য মহিরুদ্দিন আলির কথায়, "রাজনৈতিক দল তো ভাগ করতে চাইবেই। সেটাই হয়েছে। তবে জানেন, আমাদের নেতা যিনি ছিলেন, যার কথায় আমরা উঠতাম-বসতাম, সেই তিনি যখন একটি দলে যোগ দিলেন, একজন মুসলমান হিসাবে তাকে সমর্থন করা বা তার সঙ্গে যাওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না। নেতাকে এখনও ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, কিন্তু মতবিরোধটা রাজনৈতিক, বলছিলেন মি. আলি।
যে নেতার কথা বললেন মি. আলি, তিনি হলেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির প্রধান দীপ্তিমান সেনগুপ্ত। ছিটমহল বিনিময়ের দাবিটা প্রথম তুলেছিলেন মি. সেনগুপ্তর বাবা, বামপন্থী ফরোয়ার্ড ব্লকের বিধায়ক দীপক সেনগুপ্ত এবং তার আরও কয়েকজন বামপন্থী সহকর্মী।
ছিটমহল বিনিময়ের বেশ কয়েক বছর পরে দীপ্তিমান সেনগুপ্ত বিজেপি দলে যোগ দিয়েছিলেন। এখন অবশ্য তিনি সক্রিয়ভাবে রাজনীতি আর করেন না। তার কাছে জানতে চেয়েছিলাম, আপনি বিজেপিতে যোগ দেওয়ার পরেই কি ছিটমহলে দলীয় রাজনীতি ঢুকে ভাগাভাগিটা গড়ে দিল?
তার জবাব ছিল, "আমি যখন একটি দলে যোগ দিয়েছিলাম, কাউকে কিন্তু বলি নি আমার সঙ্গে সেই দলে যোগ দিতে। এটা ঠিকই, রাজনীতির কারণেই সাবেক ছিটমহলগুলির মধ্যে ভাগাভাগি তৈরি হয়েছে। তবে এখন মনে হয় যে এখানকার মানুষের বোঝার দরকার ছিল যে দলীয় রাজনীতি কীভাবে একসময়ের আন্দোলনের সহকর্মীদের মধ্যে বিভাজন গড়ে তুলতে পারে। এখন হয়ত তারা সেটা কিছুটা বুঝতে পারছে যে একজোট হয়ে না থাকলে নিজেদের দাবিগুলো আদায় করা যায় না।
মশালডাঙ্গার বাসিন্দা জয়নাল আবেদিন বলছিলেন, "ভিন্ন রাজনীতি যখন করতাম, রাজনৈতিক মনোমালিন্য হয়েছে, আমাদের মধ্যে বন্ধুত্ব কিন্তু অটুট থেকেছে সবসময়ে। কথাও বন্ধ হয় নি,বলছিলেন জয়নাল আবেদিন।