শিরোনাম
◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৫ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্র্যাপার উধাও, ব্যাটারিচালিত রিকশার কাছে হার মানল ডিএমপি

রাজধানীর প্রধান সড়কগুলোতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার প্রবেশ রুখতে বিভিন্ন সময়ে নানান পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। কিন্তু ব্যর্থ হতে হয়েছে বারবার। সবশেষ রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ‘ট্র্যাপার’ও বসানো হয়েছিল। বেশ কিছু স্থানে লোহার তৈরি এসব ‘ট্র্যাপার’ বসানো হলেও কোনো কাজে আসেনি। সড়কে স্থাপিত সেসব ট্র্যাপার এখন উধাও হয়ে গেছে।

ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশাচালকদের সঙ্গে ইঁদুর-বিড়াল খেলায় হার মেনে পিছু হটেছে ডিএমপি। দাপুটে জয়ে আগের মতো রাজধানীর প্রধান সড়কগুলোকে দাপিয়ে বেড়াচ্ছে রিকশাচালকরা।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে স্থাপিত ট্র্যাপারগুলো পাওয়া যায়নি।

কাকরাইলে আইডিইবি ভবনের পাশের সড়ক, মৎস্যভবন সংলগ্ন মাতৃভাষা ইনস্টিটিউটের পাশের সড়ক, রমনা পুরোনো থানার সামনে এবং তারই ঠিক বিপরীত পাশে ইস্কাটন গার্ডেন সড়কের মুখে ট্র্যাপার বসানো হয়েছিল। এই ট্র্যাপার পেরিয়ে প্রধান সড়কে রিকশা যেতে চাইলে লোহার খাঁজে রিকশার চাকা আটকে যেতো। সেই পরিকল্পনা থেকেই ডিএমপি এই উদ্যোগ নিয়েছিল।

কিন্তু ট্র্যাপার বসানোর পর থেকেই কৌশলী পথ অবলম্বন করে ডিএমপির উদ্যোগকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ট্র্যাপারের ওপর দিয়ে চলাচল শুরু করে রিকশাগুলো। পরীক্ষামূলক এই পদ্ধতি কাজে না লাগায় থেমে যায় ডিএমপির এই প্রকল্প। ফলে যেসব স্থানে এই ট্র্যাপার বসানো হয়েছিল সেগুলোও এখন নেই বললেই চলে। শুধু রমনা পুরোনো থানার সামনের সড়ক মুখে অকার্যকর অবস্থায় ভেঙে পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া বাকি স্থানগুলোর কোথাও এই ট্র্যাপারের দেখা মেলেনি।

এই ট্র্যাপারগুলো চুরি হয়ে গেছে নাকি কাজে না লাগার ফলে ডিএমপির পক্ষ থেকে খুলে নেওয়া হয়েছে সে বিষয়ে বলতে পারেন না স্থানীয়রা।

এসব বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জাগো নিউজকে বলেন, ‘আমরা দুইটা স্থান থেকে ট্র্যাপারগুলো সরিয়ে নিয়েছি। বাকিগুলো আমরা সরাইনি। আসলে লোকজনের সঙ্গে পারা যায় না। এটাকে বিভিন্নভাবে পিটিয়ে সমান করে ফেলে। কোথাও আবার এই ট্র্যাপারগুলোর ওপর সিমেন্ট ঢেলে দিয়েছে। কেউ কেউ এগুলো উঠিয়ে ফেলার চেষ্টা করে।’

তিনি বলেন, ‘মানুষ যদি আমাদের সহযোগিতা না করে, সচেতন না হয় তাহলে আমরা কিভাবে পারবো? কিভাবে আমরা সড়কের শৃঙ্খলা ফেরাবো?’

ট্র্যাপারগুলো নিয়ে নতুন কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে আনিছুর রহমান বলেন, ‘আপাতত এই বিষয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। কারণ এগুলোর জন্য যে বাজেট প্রয়োজন সেই বাজেট আমাদের নেই।’

এদিকে এর আগে পরীক্ষামূলক এই প্রকল্প শুরু হলে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) মেহেদী হাসান গণমাধ্যমকে বলেছিলেন, ‘যেসব সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ, ওইসব সড়কে পর্যায়ক্রমে আমরা এগুলো (ট্র্যাপার) চালু করবো।’

তিনি বলেন, ‘এগুলো একসময় ঢাকায় ছিল বলে শুনেছি। এগুলো স্থাপনের পর যেন নষ্ট না হয়, সেজন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। আমরা সেটাও করবো।’

এর আগে এই ট্র্যাপার প্রকল্প শুরু হলে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী সভাপতি নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান জাগো নিউজকে বলেছিলেন, ‘অটোরিকশা বা সাধারণ রিকশাগুলো একটা বড় শহরে কোথায় চলবে না চলবে তার পরিকল্পনা থাকে। যে কোনো বড় শহরের একটা পরিকল্পনা থাকে, সেটা সামাজিক বাস্তবতা মাথায় রেখেই করতে হবে। এটা আবার পুরোটা রিকশামুক্ত সিটির আদলেও হবে না। ঢাকা শহরে রিকশা কিছু রাস্তায় চলতে পারবে, কিছু রাস্তায় চলতে পারবে না, এইটা একটা কমিউনিটি বেইজ এলাকাভিত্তিক মবিলিটি চেইন প্ল্যানিং থাকা দরকার। এই প্ল্যানিং না করে হঠাৎ হঠাৎ রাস্তা বন্ধ করতে এমন প্ল্যান করলে হবে না।’

আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকা শহরের ফুটপাতে মোটরসাইকেল যেন না চলাচল করতে পারে সেজন্য ‘ভার্টিকেল পোল’ দেওয়া হয়েছিল। এতে কি ঢাকা শহরের ফুটপাতে মোটরসাইকেল চলাচল বন্ধ করা গেছে? ফলে আমাদের সাধারণ মানুষেরও ফুটপাতে হাঁটতে কষ্ট হয়। যারা হুইলচেয়ার ব্যবহার করেন তারাও কিন্তু এই পোলে আটকে যান।

আইপিডির নির্বাহী সভাপতি আরও বলেন, ‘ঢাকার বাস্তবতায় রিকশার গুরুত্ব আছে। রিকশাগুলো কোথায় চলতে দেবো, কোথায় চলতে দেবো না, তারা কোথায় পার্কিং করবে, অপরাধ করলে পেনাল্টি কী হবে, রিকশা মালিক যারা রিকশাগুলো অপারেট করেন তাদের সঙ্গে বসা এবং সব মিলিয়ে একটা পরিকল্পনা দরকার। পুরো শহরে রিকশার গাইডলাইন তৈরি করা এবং সেটা যেন বাস্তবসম্মত হয়। এগুলো করলেই সমাধান হবে অথবা অতীতের অনেক উদ্যোগের মতোই এটাও বিফলে যাবে।’

সূত্র: জাগো নিউস ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়