মালয়েশিয়ায় বসবাসরত ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন এক জরুরি বার্তা দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ বার্তা দিয়েছে হাইকমিশন।
জরুরি ওই বার্তায় প্রবাসী বাংলাদেশিদের জন্য করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয় উল্লেখ করে তা অনুসরণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
করণীয় বিষয়
হাইকমিশনের পোস্টে যেসব করণীয় নিয়ে নির্দেশনা দেয়া হয়েছে, সেগুলো হলো— মালয়েশিয়ার আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন, সামাজিক যোগাযোগ মাধ্যমসংক্রান্ত বিধি-নিষেধ, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলা; পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা এবং চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থলসংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করা।
একইসঙ্গে বলা হয়েছে, অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকা এবং প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকা; সামাজিক যোগাযোগ মাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করা সমীচীন।
পাশাপাশি তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে সত্যতা যাচাই করা এবং সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে প্রবাসী বাংলাদেশিদেরকে বিরত থাকার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
বর্জনীয় বিষয়
হাইকমিশনের পোস্টে উল্লিখিত বর্জনীয় বিষয়গুলো হলো— সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনসংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য প্রচার না করা এবং গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করা; ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েল বা অন্যান্য আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করা।
এছাড়া, কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশগ্রহণ না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে হাইকমিশনের বার্তায়। পাশাপাশি যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান দেওয়ার ক্ষেত্রেও নিরুৎসাহিত করা হয়েছে প্রবাসী বাংলাদেশিদেরকে।
সেইসঙ্গে কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি বা ভিডিও ধারণ বা প্রকাশ না করা; নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র বা আইডি, ব্যাংক তথ্য বা অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করা; ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেওয়া; ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন বা সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণায় জড়িত না হওয়া এবং কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছে হাইকমিশন।
উল্লেখ্য, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় সমস্যা হলো প্রতারণামূলক ও অতিরিক্ত ব্যয়বহুল নিয়োগপ্রক্রিয়া। বৈধ কাগজপত্রের জটিলতার অভিযোগও উঠেছে অনেকের বিরুদ্ধে। বৈধ কাগজপত্র না থাকা কর্মীদের বিরুদ্ধে মালয়েশিয়ায় নিয়মিত অভিযান ও আটকের ঘটনাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
সূত্র: আরটিভি