শিরোনাম
◈ লড়াই ক‌রেও ফাইনালে ওঠা হলো না বাংলা‌দেশ এইচপি দ‌লের ◈ রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ ◈ ‘৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?’—সংসদে স্পিকারের প্রশ্ন ◈ বিপিএল ইস‌্যু‌তে বিসিবির ব্যাখ্যায় সন্তুষ্ট ক্রিকেটাররা ◈ বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা ◈ ই-কমার্সে প্রতারণার জাল ভাঙতে ৩ নির্দেশনা, গ্রাহকের পাওনা প্রায় ৩,৮৬৯ কোটি টাকা ◈ তফসিলের আগেই মাঠে বিএনপি প্রার্থীরা, একক প্রার্থী নির্ধারণে বাড়ছে চ্যালেঞ্জ ◈ ৭৫ লাখ পাউন্ডে চেলসির গোলপোস্টের নতুন প্রহরী আ‌র্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ ◈ ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেফতার আসামিদের নিয়ে যা জানালো র‌্যাব ◈ সংসদে মির্জা ফখরুলের চেয়ারে বসছেন সালাহউদ্দিন আহমদ, উপনেতা হচ্ছেন কি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ই-কমার্সে প্রতারণার জাল ভাঙতে ৩ নির্দেশনা, গ্রাহকের পাওনা প্রায় ৩,৮৬৯ কোটি টাকা

মনিরুল ইসলাম : দেশের ই-কমার্স খাতে দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বেড়েছে প্রতারণা, অনিয়ম ও আর্থিক জালিয়াতির ঘটনা। হাজার হাজার কোটি টাকা আটকে পড়ে বিপাকে পড়েছেন গ্রাহকরা। এমন পরিস্থিতিতে খাতে শৃঙ্খলা ফেরাতে তিনটি গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ নিয়েছে সরকার।

আজ রোববার  ৩০ আগস্ট জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধির আওতায় জন-গুরুত্বপূর্ণ বিষয়ে উত্থাপিত এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ ই-কমার্স খাতের প্রতারণা ও সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী এই তথ্য দেন।

বাণিজ্যমন্ত্রী জানান, ই-কমার্স খাতে জবাবদিহি নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে তিনটি প্রধান উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে। এগুলো হলো—জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা প্রণয়ন, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা এবং ডিজিটাল বিজনেস আইডেন্টিটি (ডিবিআইডি) নিবন্ধন নির্দেশিকা চালু।

তিনি বলেন, অতীতে ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং ও আলেশা মার্টসহ একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এসব ঘটনায় বিপুলসংখ্যক গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকেই এখনও তাদের অর্থ ফেরত পাননি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের বিপরীতে গ্রাহক ও বিক্রেতাদের দাবিকৃত অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা।

মন্ত্রী আরও জানান, ডিজিটাল বিজনেস আইডেন্টিটি (ডিবিআইডি) চালুর ফলে এখন প্রতিটি বৈধ ই-কমার্স প্রতিষ্ঠানের তথ্য সরকারের আওতায় আসছে, যা ভুয়া প্রতিষ্ঠান গড়ে ওঠা প্রতিরোধে সহায়ক হবে। একই সঙ্গে অভিযোগগুলোর দ্রুত নিষ্পত্তি ও ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত নিশ্চিতে আইনি ও প্রশাসনিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ ইভ্যালি ও আলেশা মার্টের মতো প্রতিষ্ঠানে আটকে থাকা গ্রাহকের অর্থ ফেরতের বিষয়ে সরকারের নির্দিষ্ট পরিকল্পনা জানতে চাইলে মন্ত্রী বলেন, অতীতের অনিয়মের কারণে সৃষ্ট এই সংকট সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং ক্ষতিগ্রস্তদের পাওনা দ্রুত ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

সরকারের এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে ই-কমার্স খাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং গ্রাহক আস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ