আরমান কবীর: টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা আব্দুর রহিম ভূইয়া (৫৫)। তিনি পেশায় একজন ভ্যান চালক। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শীলপাথর দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ভ্যানচালক আব্দুর রহিম ভূইয়া নিজ ঘরে ভাত খেতে বসেন। এসময় মাদকাসক্ত ছেলে মোস্তফা ভূইয়া (২০) বাবার কাছে টাকা দাবি করে। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে সে এক পর্যায়ে ঘরে থাকা শীলপাথর দিয়ে বাবার মাথায় জোরে আঘাত করে। এতে পিতা আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। সে কিছুদিন আগে বিয়ে করেছে। বিয়ের পর থেকে স্ত্রীকে অমানসিক নির্যাতন করে। নির্যাতন সয্য করতে না পেরে সম্প্রতি স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন।
নিহতের স্ত্রী শিরিন বেগম ও বড় মেয়ে সালমা জানান, মোস্তফা একজন মানষিক ভারসম্যহীন। মাঝেমধ্যেই বাড়িতে পাগলামী করে। ইউপি সদস্য আব্দুল কদ্দুস জানান,অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। টাকা পয়সা নিয়ে বাবার সাথে বাকবিতন্ডায় এক পর্যায়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, হত্যার পর ছেলে মোস্তফা ভূইয়া ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে ভাইকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ।