বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর বিদ্যমান শুল্কের বাইরে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে নির্দিষ্ট কিছু পণ্য এ শুল্কের আওতার বাইরে রাখার প্রস্তাবও রয়েছে।
শিল্প খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন বজায় রাখার অভিযোগে বাংলাদেশসহ ১৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ইউএসটিআরের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইন ১৯৭৪-এর ৩০১ ধারার আওতায় তদন্ত শেষে ১৪টি অর্থনীতির উৎপাদন খাতসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও চর্চাকে অযৌক্তিক বলে নির্ধারণ করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে বাধাগ্রস্ত বা সীমিত করছে বলে মনে করে ওয়াশিংটন। এ কারণে আইনের ৩০১(বি) ধারায় এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
তদন্তের আওতায় থাকা দেশগুলো হলো হলো চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত। তবে আপাতত মেক্সিকো ও নরওয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। এসব সিদ্ধান্তের পক্ষে প্রতিটি অর্থনীতির জন্য আলাদা প্রতিবেদনও প্রকাশ করেছে ইউএসটিআর।
বাংলাদেশের বিষয়ে ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের উৎপাদন খাত, বিশেষ করে গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলোর সম্প্রসারণ ও সক্ষমতা ধরে রাখতে বিভিন্ন শিল্প পরিকল্পনা রয়েছে। উৎপাদন ও রপ্তানি বাড়াতে প্রণোদনা দেওয়া, শ্রমিকদের সুরক্ষায় অপর্যাপ্ত ব্যবস্থা, আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নীতি এবং বাজারভিত্তিক নয় এমন অর্থনীতি থেকে আমদানি ও সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় ব্যর্থতাকে বাংলাদেশের অযৌক্তিক কর্মকাণ্ড, নীতি ও চর্চা হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।
ইউএসটিআরের দাবি, এসব নীতি ও চর্চার কারণে বাংলাদেশ এবং তৃতীয় দেশের বাজারে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের বাণিজ্যিক সুযোগ কমছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাজারভিত্তিক নয় এমন অর্থনীতি থেকে আমদানি করা উপকরণের ওপর নির্ভরতার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে তৈরি পোশাক ও পোশাকসামগ্রী খাতে এর প্রভাব বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে এসব কর্মকাণ্ড, নীতি ও চর্চা বন্ধে উপযুক্ত পদক্ষেপ হিসেবে দেশটির সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে ইউএসটিআর। তবে বিদ্যমান ৩০১ ধারার শুল্ক বাদ দিয়ে এ হার নির্ধারণের কথা বলা হয়েছে। এ ছাড়া নির্দিষ্ট কিছু পণ্যকে শুল্কের আওতার বাইরে রাখার প্রস্তাব রয়েছে।
ইউএসটিআর জানিয়েছে, এ প্রস্তাব তৈরির ক্ষেত্রে আগে থেকে কার্যকর ৩০১ ও ২৩২ ধারার শুল্ক, তদন্তের বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সঙ্গে চলমান আলোচনা এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক বাণিজ্য চুক্তিতে থাকা কিছু প্রতিশ্রুতি বিবেচনায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, ‘কয়েক দশক ধরে আমাদের অনেক বাণিজ্যিক অংশীদার এমন শিল্প কৌশল গ্রহণ করেছে, যার ভিত্তি হলো উৎপাদন খাতকে লক্ষ্যবস্তু করা, মজুরি ও শ্রমিকের অধিকার দমন, আর্থিক ও অন্যান্য সহায়তা, বাজারভিত্তিক নয় এমন অর্থনীতির উপকরণ ব্যবহার এবং বাজারকে বিকৃত করে এমন অন্যান্য চর্চা। এসবের মাধ্যমে তারা নিজেদের অনুকূলে বাণিজ্য ভারসাম্য তৈরি করেছে, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তি দুর্বল করেছে।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়টি বিবেচনায় নিয়ে ২০১৬ সাল থেকে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, শি জিনপিং ও ইমানুয়েল মাখোঁর মতো নেতারা স্বীকার করেছেন, কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি তৈরি করছে। কিন্তু জি-৭, জি-২০, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং অন্যান্য ফোরামে ধারাবাহিক বিবৃতি দেওয়া হলেও কোনো পরিবর্তন আসেনি। তাই প্রেসিডেন্ট ট্রাম্প এসব অন্যায্য কর্মকাণ্ড, নীতি ও চর্চা বন্ধে পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করছেন। এর মাধ্যমে আমরা মার্কিন শ্রমিকদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে এবং বিশ্ব অর্থনীতির জন্য আরও টেকসই পথ নির্ধারণ করতে পারব।’
সূত্র: যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের বিবৃতি।