শিরোনাম
◈ ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ ◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:২৯ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলি হামলায় গাজার বাতাস, মাটি ও পানি বিষাক্ত হয়ে উঠেছে

ইসরায়েলি বোমাবর্ষণ ও হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা আগামী কয়েক দশকের জন্য এক ‘বিষাক্ত ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে। সোমবার প্রকাশিত আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এবং কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরির (সিইওবিএস) এক যৌথ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ব্যাপক বিস্ফোরক ও অগ্নিসংযোগকারী অস্ত্রের ব্যবহার, বিমান হামলা এবং অগ্নিকাণ্ডের ফলে গাজার বাতাস, মাটি ও পানি এখন চরম বিপজ্জনক হয়ে উঠেছে।

স্যাটেলাইট চিত্র ও বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৭৮ শতাংশ ভূখণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৯৯ শতাংশের বেশি এলাকা সম্ভাব্য দূষণের শিকার। অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও দূষণ মানুষের নিরাপত্তা ও বেঁচে থাকার পরিবেশ মৌলিকভাবে নষ্ট করে দিয়েছে, যা আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। প্রতিবেদনের লেখকদের মতে, এত বড় পরিবেশগত ধ্বংসযজ্ঞ যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জোরালো প্রমাণ হতে পারে। পুনরুদ্ধার কাজে দ্রুত অগ্রাধিকার না দিলে বাতাস, খাবার, পানি ও ধ্বংসস্তূপ থেকে বিষক্রিয়ার ঝুঁকি থেকেই যাবে বলে সতর্ক করেন বেহার।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) গত বছরের হিসাব অনুযায়ী, অভিযানে গাজায় ৬ কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে, যা মিসরের গিজার ১৫টি মহা পিরামিডের সমান। এসব ধ্বংসস্তূপে মারাত্মক বিষাক্ত ও বিপজ্জনক রাসায়নিক উপাদান মিশে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, গাজার প্রায় ৮৫ শতাংশ পানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাওয়ায় বাসিন্দারা সব ধরনের কাজের জন্য দিনে মাথাপিছু গড়ে মাত্র ১৮ লিটার পানি পাচ্ছেন। এতে শ্বাসতন্ত্রের রোগ ও দূষিত পানি পানের মাধ্যমে নানা জটিল রোগের ঝুঁকি বাড়ছে। এ ছাড়া স্বাস্থ্য ও পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় বিষাক্ত বর্জ্যের অনেক দীর্ঘমেয়াদি ক্ষতি বছরের পর বছর অশনাক্তই থেকে যেতে পারে।

এদিকে গাজায় ধ্বংসস্তূপ সরানোর ভারী সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। দেশটির সামরিক দপ্তর বলছে, হামাস পুরোপুরি নিরস্ত্র হলেই কেবল পুনর্গঠন কাজ শুরু হবে। পাশাপাশি গত ডিসেম্বরে অক্সফামসহ কয়েক ডজন ত্রাণ সংস্থাকে নিষিদ্ধ করায় গাজার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়নও ব্যাহত হচ্ছে। অন্যদিকে, যুদ্ধবিরতি বাস্তবায়ন ও গাজা পুনর্গঠনে ট্রাম্প প্রশাসনের গঠিত ‘বোর্ড অব পিস’ কার্যত ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ