শিরোনাম
◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের ◈ মহাকাশে ইতিহাস, শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড চীনের ◈ হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের ◈ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল ◈ শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির ◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব ◈ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডায়াবেটিস ও ওজন কমানোর ওষুধে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি, সতর্ক করল এফডিএ

জিএলপি-১ শ্রেণির ওষুধ ব্যবহারে হঠাৎ দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি থাকতে পারে। এ বিষয়ে ওষুধের লেবেলে সতর্কবার্তা যুক্ত করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সোমবার এ নির্দেশনা দেয় সংস্থাটি।

নন-আটারিটিক অ্যান্টেরিয়র ইস্কেমিক অপটিক নিউরোপ্যাথি বা এনএআইওএন নামের এ রোগ চোখের অপটিক নার্ভকে আক্রান্ত করে। এই স্নায়ু চোখ থেকে মস্তিষ্কে সংকেত পৌঁছে দেয়। এতে রক্তপ্রবাহ কমে গেলে বা বন্ধ হয়ে গেলে হঠাৎ দৃষ্টিশক্তি হারানোর ঘটনা ঘটতে পারে। এ রোগে দৃষ্টিশক্তির স্থায়ী ক্ষতি হয় এবং এর কোনো চিকিৎসা নেই।

এফডিএ বলেছে, জিএলপি-১ ওষুধ সেবনকারীদের মধ্যে বিরল এনএআইওএন রোগের ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটির এ নির্দেশনা সব ধরনের জিএলপি-১ ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে নোভো নরডিস্কের ওজেম্পিক ও ওয়েগোভি এবং এলি লিলির মাউঞ্জারো ও জেপবাউন্ড। এ ছাড়া ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত পুরোনো কয়েকটি জিএলপি-১ ওষুধও এর আওতায় থাকবে।

Advertisement

নোভো নরডিস্ক ও এলি লিলির মুখপাত্ররা জানিয়েছেন, রোগীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

আগের গবেষণায় দেখা গেছে, জিএলপি-১ ওষুধ ব্যবহারে এনএআইওএন রোগের ঝুঁকি বাড়তে পারে। এ দুইয়ের মধ্যে সম্ভাব্য যোগসূত্র নিয়ে করা গবেষণার বিষয়ে অবগত থাকার কথাও জানিয়েছে এলি লিলি।

এফডিএ জানায়, ২০২৪ সালে 'জামা অফথালমোলজি' সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণার পর বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে তারা। ওই গবেষণায় দেখা যায়, সেমাগ্লুটাইড ব্যবহারের জন্য ব্যবস্থাপত্র পাওয়া ডায়াবেটিস রোগীদের মধ্যে এনএআইওএন হওয়ার ঝুঁকি এ ওষুধ ব্যবহার করেননি এমন রোগীদের তুলনায় চার গুণ বেশি।

সংস্থাটি আরও জানায়, পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ ব্যবস্থায় জমা পড়া প্রতিবেদন পর্যালোচনা এবং একাধিক ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য বিশ্লেষণ করেছে তারা। এতে বর্তমানে বাজারে থাকা সব ধরনের জিএলপি-১ ওষুধ ব্যবহারের ক্ষেত্রে এনএআইওএন রোগে আক্রান্ত হওয়ার ঘটনা পাওয়া গেছে। তবে ওষুধগুলো কীভাবে এ চোখের রোগের ঝুঁকি বাড়াতে পারে, সে বিষয়ে কোনো কার্যপ্রক্রিয়া শনাক্ত করতে পারেননি এফডিএর বিজ্ঞানীরা।

এনএআইওএন রোগের ঝুঁকির কারণগুলোর সঙ্গে জিএলপি-১ ওষুধ সেবনকারীদের মধ্যে দেখা যায়—এমন কিছু শারীরিক অবস্থার মিল রয়েছে। এসবের মধ্যে আছে টাইপ-২ ডায়াবেটিস, স্থূলতা, স্লিপ অ্যাপনিয়া ও উচ্চ রক্তচাপ।

শিকাগোর নর্থওয়েস্টার্ন মেডিসিনের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মানজোত গিল বলেন, ওষুধের লেবেলে সতর্কবার্তা যুক্ত করার বিষয়ে এফডিএর নির্দেশনা যথাযথ হয়েছে।

তিনি বলেন, ওষুধগুলো এ চোখের রোগের কারণ কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে এগুলো রোগটির ঝুঁকি বাড়াতে পারে—এমন প্রমাণ ভালোভাবেই নথিভুক্ত হয়েছে।

তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে মনে করেন গিল। তিনি উল্লেখ করেন, এ রোগ অত্যন্ত বিরল।

গিল বলেন, 'আমরা চাই না রোগীরা অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে এসব ওষুধ খাওয়া বন্ধ করে দিন। জনসচেতনতা তৈরির জন্য এ সতর্কবার্তা দেওয়া ভালো। যাতে কোনো রোগীর দৃষ্টিশক্তিতে সামান্য পরিবর্তন দেখা দিলেও তিনি যেন চোখের চিকিৎসকের কাছে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেন।'

আমেরিকান একাডেমি অব অফথালমোলজির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অপটিক নার্ভের রোগগুলোর মধ্যে এনএআইওএন দ্বিতীয় সর্বাধিক দেখা যায়। ৫০ বছরের বেশি বয়সী প্রতি এক লাখ মানুষের মধ্যে সর্বোচ্চ ১০ জন এ রোগে আক্রান্ত হন।

এফডিএর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'জিএলপি-১ ওষুধ ব্যবহারের ক্ষেত্রে এনএআইওএন-এর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে রোগী ও তাদের সেবাদানকারীদের সচেতন থাকা উচিত। এটি একটি বিরল রোগ, যার ফলে এক চোখে হঠাৎ, ব্যথাহীনভাবে দৃষ্টিশক্তি কমে যেতে পারে, এমনকি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঘটনাও ঘটতে পারে।'

নোভো নরডিস্ক ও এলি লিলির ওষুধের লেবেলে আরও কয়েকটি সতর্কবার্তা রয়েছে। এর মধ্যে আছে অগ্ন্যাশয়ের প্রদাহ, পিত্তথলির সমস্যা ও কিডনির ক্ষতি।

এ ছাড়া ওষুধগুলোর লেবেলে ব্ল্যাক বক্স সতর্কবার্তাও রয়েছে। এটি এফডিএর দেওয়া সর্বোচ্চ মাত্রার নিরাপত্তা সতর্কবার্তা। এতে থাইরয়েডে টিউমার হওয়ার সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে।

সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 

  • সর্বশেষ