আকস্মিক বন্যায় ভেসে গিয়েছে নেপাল। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এমন বেদনাদায়ক পরিস্থিতিতে মৃতদেহ থেকে কানের দুল চুরির একটি শিউরে ওঠার মতো ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। ইতিমধ্যেই ভিডিওটি ঘিরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। তাই দ্রুত পদক্ষেপও নিয়েছে নেপাল পুলিশ। হেফাজতে নেওয়া হয়েছে এর সঙ্গে জড়িতদের।
ভিডিওটি দেখা গেছে, দু’জন ব্যক্তি বন্যায় মৃত এক মহিলার দেহ টেনে নিয়ে যাচ্ছে। এরপর ওই মহিলার কান থেকে কানের দুল খুলে নিয়ে পাশে সরিয়ে রাখতে দেখা যায়।
ঘটনাস্থলে বেশ কয়েকজন পুরুষ ও মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে অনেকেই মোবাইল ফোনে পুরো ঘটনাটি রেকর্ড করছিল।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় ওঠে। তারপর সক্রিয় হয়ে ওঠে সেই দেশের পুলিশ।নেপাল পুলিশ এক্স-এ এক পোস্টে জানিয়েছে, মৃতদেহ থেকে কানের দুল চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ ভিডিওটির একটি অংশও শেয়ার করেছে। প্রসঙ্গত, বর্তমানে পুরো বিপর্যস্ত অবস্থায় রয়েছে নেপাল।
চলতি সপ্তাহের শুরুতে নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় হওয়া আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৪৬৯-এ পৌঁছেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১ হাজার ৪৬৮ জন। এই বিপর্যয়ের পর ওই দেশে হাজার হাজার মানুষ আটকে পড়েছেন। তাঁদের মধ্যে বহু ভারতীয়ও রয়েছেন। এখনও তিনশর বেশি ভারতীয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
বন্যায় ধ্বংস হয়েছে রাস্তা। ভেসে গিয়েছে ব্রিজ। বিপুল পরিমাণ কাদা ও ধ্বংসস্তূপের কারণে বিধ্বস্ত এলাকাগুলিতে পৌঁছতে রীতিমতো সমস্যায় পড়ছেন উদ্ধারকারীরা।
এর পাশাপাশি নতুন করে একটি বেরিয়ার লেকও তৈরি হয়েছে। এই লেকের উপরও কড়া নজর রাখছে প্রশাসন। এই লেকটি ইতিমধ্যেই পানিতে ভরে গিয়েছে। আর সেটি ভেঙে গেলেই বড় বিপর্যয় নেমে আসতে পারে। আবার যেতে পারে মানুষের প্রাণ।