আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখসান প্রদেশের শিওয়া এলাকায় স্বর্ণ খোঁজার হিড়িক পড়েছে। প্রাদেশিক রাজধানী ফয়জাবাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকায় দেশজুড়ে বিনিয়োগকারীদের হয়ে হাজার হাজার শ্রমিক স্বর্ণ উত্তোলনে ব্যস্ত। তালেবান সরকার ক্ষমতায় আসার পর রাজস্ব বাড়াতে খনি খাতে ব্যাপক সম্প্রসারণ ঘটিয়েছে। স্থানীয় খনি বিভাগের প্রধান আব্দুল মতিন রহিমজাই জানান, প্রায় ৬৫০ থেকে ৭০০ কোম্পানি নিবন্ধিত হয়েছে এবং বিশ্বব্যাংকের তথ্যমতে ২০২১ সাল থেকে খনি খাতে বার্ষিক গড়ে ২৫ থেকে ৩০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
তবে এই স্বর্ণ অনুসন্ধানের চরম মূল্য দিতে হচ্ছে স্থানীয় পরিবেশ ও অধিবাসীদের। চুয়াত্তর বছর বয়সী কৃষক মুহাম্মদ আমিন ক্ষোভ ও কান্নাভেজা চোখে জানান, খনি কার্যক্রম শুরুর পর নদীর পানি বিষাক্ত হয়ে পড়েছে- যা পানের অযোগ্য। নদী তীরের ঘাস ধ্বংস হয়ে যাওয়ায় এবং অতিরিক্ত ধুলাবালির কারণে কৃষি ও গবাদিপশু পালন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।