ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান ঘিরে সৃষ্ট সংঘাতের অর্থনৈতিক প্রভাব এবার পড়েছে মার্কিন ভোক্তাদের দৈনন্দিন ব্যয়ে। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর জ্বালানি ও ভ্রমণ ব্যয় বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারকে গড়ে কয়েকশ ডলার অতিরিক্ত খরচ করতে হয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান মুডিজ অ্যানালিটিকসের বিশ্লেষণ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে জ্বালানি-সংশ্লিষ্ট খাতে প্রতিটি মার্কিন পরিবারকে গড়ে অতিরিক্ত ৪৪৭ দশমিক ১৯ ডলার ব্যয় করতে হয়েছে।
সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোলের দাম বৃদ্ধি এবং বিমান ভাড়া বেড়ে যাওয়ার ফলে গত তিন মাসে মার্কিন ভোক্তাদের সম্মিলিত অতিরিক্ত ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৬০ বিলিয়ন ডলারে।
অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, সংঘাত দীর্ঘায়িত হলে এই আর্থিক চাপ আরও বাড়তে পারে। এতে ইতোমধ্যে চাপের মুখে থাকা মার্কিন অর্থনীতির ওপর নতুন ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
মুডিজ অ্যানালিটিকসের প্রধান অর্থনীতিবিদ মার্ক জ্যান্ডি বলেন, “যদি শিগগিরই যুদ্ধের অবসান না ঘটে, তাহলে আর্থিক চাপে থাকা ভোক্তারা ব্যয়ের ক্ষেত্রে আরও সতর্ক হতে বাধ্য হবেন। এর ফলে ইতোমধ্যে দুর্বল অর্থনীতি আরও ঝুঁকির মুখে পড়তে পারে।”
বিশ্লেষণে আরও বলা হয়েছে, জ্বালানির দাম বর্তমান অবস্থায় স্থির থাকলে সংঘাতের প্রথম বার্ষিকী নাগাদ প্রতিটি মার্কিন পরিবারের অতিরিক্ত ব্যয় প্রায় দুই হাজার ডলারে পৌঁছাতে পারে।
এই পরিসংখ্যান মধ্যপ্রাচ্যের সংঘাতের বৈশ্বিক অর্থনৈতিক অভিঘাতেরই প্রতিফলন। যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ও বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় এর প্রভাব যুদ্ধক্ষেত্রের বাইরেও বিশ্বজুড়ে ভোক্তাদের ব্যয়ের ওপর পড়ছে।