ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটলে মধ্যপ্রাচ্যের মুসলিম ও আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ‘আব্রাহাম অ্যাকর্ডসে’ যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (২৩ মে) ট্রাম্প সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিসর, জর্ডান ও বাহরাইনের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। আলোচনার মূল বিষয় ছিল ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও যুদ্ধ পরিস্থিতি।
ফোনালাপে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ-সহ কয়েকজন নেতা সম্ভাব্য চুক্তির প্রতি সমর্থন জানান এবং আলোচনা ব্যর্থ হলেও ট্রাম্প প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন।
অ্যাক্সিওসের উদ্ধৃতিতে এক মার্কিন কর্মকর্তা বলেন, “তারা সবাই বলেছেন, আমরা এই চুক্তির ব্যাপারে আপনার সঙ্গে আছি। আর যদি এটি সফল না-ও হয়, তাহলেও আমরা আপনার সঙ্গেই থাকব।”
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ওই নেতাদের জানান যে, তিনি এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন এবং আশা প্রকাশ করেন যে, অদূর ভবিষ্যতে তিনিও একই অবস্থানে থাকবেন।
এ সময় ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর যেসব দেশ এখনও আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়নি, তাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা উচিত।
ফোনলাইনে নেমে আসে নীরবতা
অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের এই প্রস্তাবে সৌদি আরব, কাতার ও পাকিস্তানের নেতারা কিছুটা বিস্মিত হন।
এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, “ফোনলাইনে তখন নীরবতা নেমে আসে। পরে ট্রাম্প মজা করে জানতে চান- ‘আপনারা কি এখনও (লাইনে) আছেন?”
এরপর রবিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি বলেন, আরও দেশ আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলে আঞ্চলিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
ট্রাম্প লেখেন, “মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমর্থন ও সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ডসে তাদের যোগদানের মাধ্যমে এই সম্পর্ক আরও জোরদার ও শক্তিশালী হবে।”
এদিকে সোমবার ট্রাম্প জানান, তিনি ইরানের সঙ্গে আলোচনায় নিয়োজিত মার্কিন প্রতিনিধিদের ‘তাড়াহুড়া না করতে’ নির্দেশ দিয়েছেন। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করা হয়েছিল।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আলোচনা “সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে এগোচ্ছে”, তবে উভয় পক্ষেরই সময় নিয়ে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির সূচনা হয়। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই সৌদি আরবসহ আরও মুসলিমপ্রধান দেশকে এই চুক্তিতে যুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র: অ্যাক্সিওস