বিনোদন ডেস্ক : বাড়ি ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত সার্ভিস চার্জ এবং ভাড়াটিয়াদের প্রতি বাড়িওয়ালাদের আচরণ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি নগরজীবনে ভাড়াটিয়াদের নানা সমস্যার কথা তুলে ধরে বাড়িওয়ালাদের আরও মানবিক ও সহনশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অভিনেত্রী বলেন, প্রতি বছর বাড়ি ভাড়া বাড়লেও মানুষের আয় একই হারে বাড়ে না। পাশাপাশি ভবনের রক্ষণাবেক্ষণ ব্যয় ও সার্ভিস চার্জের চাপও ভাড়াটিয়াদেরই বহন করতে হয়।
তিনি বলেন, বছরে বছরে বাড়ি ভাড়া বাড়ছে, কিন্তু প্রতি বছর আমাদের আয় তো বাড়ছে না। বাড়ির মেইনটেন্যান্স কস্ট, সার্ভিস চার্জও আমাদেরই দিতে হয়।
রাতের নির্দিষ্ট সময়ের পর বাড়ির গেট বন্ধ রাখার প্রচলিত নিয়ম নিয়েও প্রশ্ন তোলেন মনিরা মিঠু। তাঁর মতে, আধুনিক সময়ে এ ধরনের বিধিনিষেধ অনেক ক্ষেত্রেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, এখনও রাত ১১টার পর ভাড়াটিয়াদের জন্য গেট বন্ধ করে দেওয়া হয়। অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না—এটা বুঝি। কিন্তু চোর-ডাকাত যখন বাড়িতে ঢোকে, তখন এই নিয়মগুলো কোথায় থাকে?
বাড়িওয়ালাদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা দয়া করে একটু মানবিক হোন, ভাড়াটিয়াদের প্রতি সহনশীল আচরণ করুন।
মনিরা মিঠুর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নগরজীবনে ভাড়াটিয়াদের নানা ভোগান্তি ও বাড়িভাড়া ব্যবস্থাপনা নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন।