দীর্ঘ ৪ বছর পর পর্দায় এল ‘ইউফোরিয়া’ সিরিজের বহুল প্রতীক্ষিত তৃতীয় সিজন। তারকাবহুল এই সিজনে প্রত্যাবর্তন করেছেন জেন্ডায়া, সিডনি সুইনি, অ্যালেক্সা ডেমি ও জ্যাকব এলর্ডির মতো তারকারা। তবে নতুন মুখের ভিড়ে ‘অ্যাঞ্জেল’ ভূমিকায় দর্শকের নজর কেড়েছেন স্প্যানিশ অভিনেত্রী প্রিসিলা দেলগাদো। ওটিটি দুনিয়ায় ক’দিন আগেও তিনি ছিলেন না কোনো আলোচনায়, তবে এবার সিনেপ্রেমীরা এই অভিনেত্রীকেই খুঁজছেন সবচেয়ে বেশি।
গত ১২ এপ্রিল প্রিমিয়ারের পর ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স-এ প্রতি সপ্তাহে মুক্তি পাচ্ছে নতুন সিজনের একটি পর্ব। যেখানে হাই স্কুল শেষ হওয়ার পাঁচ বছর পরের ঘটনাপ্রবাহ তুলে এনেছেন নির্মাতা স্যাম লেভিনসন।
কে এই প্রিসিলা দেলগাদো
২০০২ সালের মার্চে পুয়ের্তো রিকোর সান হুয়ানে জন্ম প্রিসিলা দেলগাদোর। তাঁর মা পুয়ের্তো রিকান ও বাবা স্প্যানিশ। পরিবারের সদস্যরাও অভিনয় করেন, ফলে শৈশব থেকেই তিনি প্রচুর সিনেমা দেখতেন আর সেসব চরিত্রে অভিনয় করতে চাইতেন। নিজেকে তখন ‘লিটল স্টার’ বলে সম্বোধন করতেন এই অভিনেত্রী!
মেটাল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিসিলা জানান যে, তিনি সবসময়ই অভিনয় করতে চাইতেন। বললেন, ‘‘এমন কোনো নির্দিষ্ট মুহূর্তের কথা মনে নেই, যখন আমি উপলব্ধি করি বা কোনো সিনেমা দেখে ভাবি—‘আমি এটাই করতে চাই।’ খুব ছোটবেলা থেকেই সবকিছু আমার কাছে বেশ স্বাভাবিকভাবেই এসেছে।’’
২৪ বছর বয়সী এই অভিনেত্রী মাত্র ৭ বছর বয়সে অভিনয় দুনিয়ায় পা রাখেন। ২০০৯ সালে জনপ্রিয় ব্রিটিশ সাই-ফাই সিরিজ ‘লাইফ অন মার্স’র স্প্যানিশ রিমেক ‘লা চিকা দে আয়ের’-এর (ইয়েস্টারডেস গার্ল) একটি পর্বে তাঁর অভিষেক হয়।
প্রিসিলা পরবর্তী সময়ে বিভিন্ন স্প্যানিশ টিভি শো ও চলচ্চিত্রে অভিনয় করেন। হাই স্কুল শেষ করার জন্য পাড়ি দেন মার্কিন মুল্লুকে। তারপর হলিউডে ক্যারিয়ার গড়ার জন্য লস অ্যাঞ্জেলেসে থিতু হন।
মেটাল ম্যাগাজিনকে প্রিসিলা জানান, মাত্র ১৬ বছর বয়সে তিনি অ্যালেক্সা ডেমি অভিনীত ইউফোরিয়া’র জনপ্রিয় চরিত্র ম্যাডেলিন পেরেজের (ম্যাডি) জন্য অডিশন দিয়েছিলেন। পরবর্তী বছর ১৭ বছর বয়সে সিরিজটির দ্বিতীয় সিজনের জন্যও অডিশন দেন, তবে আবারও প্রত্যাখ্যাত হন। ওয়ান্ডারল্যান্ড ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই সময় আমি এমন একটি অভিযানের জন্য প্রস্তুত ছিলাম না।’
কথায় আছে, তৃতীয়বারই সাফল্য আসে! এবার অ্যাঞ্জেল ভূমিকায় অডিশনের জন্য বেশ ভালো প্রস্তুতি নেন দেলগাদো। তাঁর ভাষ্য, ‘আমি যে চরিত্রে (অ্যাঞ্জেল) অভিনয় করছি তা খুবই স্বতন্ত্র। পোশাক কেনার জন্য একটি নির্দিষ্ট জায়গায় গিয়েছিলাম, ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। নখ, মেকআপ—সবকিছু।’
এর আগে, ১৭ বছর বয়স পর্যন্ত কোনো চরিত্রেই আলোচনায় আসতে পারেননি প্রিসিলা দেলগাদো। তবে ২০১৬ সালে নির্মাতা পেদ্রো আলমোদোভারের ‘জুলিয়েটা’ সিনেমায় অভিনয় করা ছিল এই তরুণীর সেরা সিদ্ধান্ত। এরপর আর তাঁকে পেছনে ফিরতে হয়নি। পর্দায় অ্যাঞ্জেলের ভাগ্য অনিশ্চিত হওয়ায় ইউফোরিয়া-ভক্তরা উদ্বিগ্ন হতে পারেন। কিন্তু যে অভিনেত্রী চরিত্রটি রাঙিছেন, তাঁর গল্প যে কেবল শুরু, তা স্পষ্ট।