শিরোনাম
◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন ◈ আর্জেন্টিনার বিরু‌দ্ধে ম‌্যাচ ভীষণ কঠিন হবে: অষ্ট্রিয়া কোচ ◈ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা ঠেকাতে কড়া নজরদারি ◈ বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই: শিক্ষামন্ত্রী ◈ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবার ‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন ◈ মাসে কত টাকা পাবেন জুলাইযোদ্ধার, জানালেন মন্ত্রী ◈ বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার ◈ ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা বলার যে ব্যাখ্যা দিলেন আলোচিত সেই এমপি জেবা আমিন (ভিডিও)

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে কেন বিনিয়োগ করেননি অভিষেক বচ্চন, জানালেন কারণ

ক্রীড়াপ্রেমী হিসেবে যথেষ্ট সুখ্যাতি আছে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের। কিন্তু ভারতের প্রো কাবাডি এবং ফুটবল লিগে সফলভাবে দল পরিচালনা করলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সবসময় দূরেই থেকেছেন তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ক্রীড়াপ্রেমী অভিনেতা জানিয়েছেন, কেন তাকে কখনো আইপিএলে বিনিয়োগ করতে দেখা যায়নি। ফোর্বস-এর সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিষেক জানান, আইপিএল শুরু হওয়ার সময় আর্থিক সীমাবদ্ধতা এবং ব্যক্তিগত কাজের ধরনই ছিল তার পিছিয়ে থাকার প্রধান কারণ। 

তিনি বলেন, ‘আইপিএল স্পোর্টস এন্টারটেইনমেন্টের চূড়ান্ত পর্যায়। কিন্তু সত্য বলতে, যখন এটি শুরু হয় তখন দল কেনা ছিল অত্যন্ত ব্যয়বহুল। আমি তখন একজন উদীয়মান অভিনেতা হিসেবে মাত্র ক্যারিয়ারে থিতু হচ্ছিলাম। সেই সময় আইপিএলে বিনিয়োগ করার মতো বাজেট আমার ছিল না।’

তবে শুধুমাত্র অর্থই বড় বাধা ছিল না। অভিষেক জানান, তিনি কেবল গ্যালারিতে বসে হাত নাড়ানোর মতো মালিক হতে চান না। তার কথায়, ‘আমি গ্যালারিতে বসে তারকা হিসেবে হাত নাড়াতে পছন্দ করি না। আপনারা আমাকে আমার দলের (কাবাডি বা ফুটবল) খেলায় দেখলে বুঝবেন আমি কতটা সম্পৃক্ত থাকি। আমি খেলোয়াড়দের সঙ্গে বসি, তাদের সঙ্গে সময় কাটাই, এমনকি তারা প্রতিদিন কী খাবে সেটিও আমি দেখাশোনা করি। বিসিসিআই অবকাঠামোগত দিক থেকে দারুণ কাজ করছে, তাই সেখানে আমার আলাদা করে অবদান রাখার সুযোগ কম ছিল।’

উল্লেখ্য, খেলাধুলার প্রতি অনুরাগী এই অভিনেতা বর্তমানে প্রো কাবাডি লিগের ‘জয়পুর পিঙ্ক প্যান্থার্স’ এবং ফুটবল লিগের (ইন্ডিয়ান সুপার লিগ) ‘চেন্নাইয়িন এফসি’-র মালিক হিসেবে সফলভাবে যুক্ত আছেন। 

পেশাদার জীবনে অভিষেককে সর্বশেষ দেখা গেছে মধুমিতা কলিধরের ‘লাপাতা’ ছবিতে। তার হাতে বর্তমানে ‘কিং’ এবং ‘রাজা শিবাজি’-র মতো বড় প্রজেক্ট রয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে শাহরুখ খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিষেককে। এই বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

অন্যদিকে রিতেশ দেশমুখের পরিচালনায় ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ‘রাজা শিবাজি’ সিনেমায়ও তিনি অভিনয় করছেন। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

  • সর্বশেষ
  • জনপ্রিয়