সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন কার্যক্রম স্থগিত থাকবে।
জানা গেছে, দেশের সরকারি কলেজ ও মাদরাসায় বর্তমানে প্রায় ১৮ হাজার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কর্মরত রয়েছেন। তাদের বদলি ও পদায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের। দীর্ঘদিন ধরে এই বদলি ও পদায়নকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, বদলি ও পদায়নের নামে ওই সিন্ডিকেট বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ পরিস্থিতিতে বদলি ও পদায়ন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।