নওগাঁর মান্দায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিক্রির অভিযোগে আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। তাঁর বিরুদ্ধে সরকারি ও ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ করে অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগ উঠেছে।
র্যাবের তথ্যমতে, মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের বাসিন্দা সালাম ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বিভিন্ন সার্ভার থেকে এনআইডি ও ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) তথ্য সংগ্রহ করে বিক্রি করছিলেন।
র্যাব জানায়, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনে অস্থায়ী ভিত্তিতে চাকরি করার সুবাদে সালামের বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে ধারণা ছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি তথ্য সংগ্রহের নেটওয়ার্ক গড়ে তোলেন বলে অভিযোগ।
সম্প্রতি সালামকে গ্রেপ্তারের পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে একাধিক কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও বিভিন্ন ফোন নম্বরের সর্বশেষ অবস্থানসংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন বলেও দাবি করেছে সংস্থাটি।
এদিকে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের গবেষণায় অনলাইনে অল্প সময়ের মধ্যে এনআইডি, অবস্থান ও কল বিবরণী সংগ্রহের সুযোগ থাকার বিষয়টি উঠে এসেছে। গবেষণায় মাত্র ১৭ মিনিটে এনআইডি, ১৬ মিনিটে অবস্থান এবং কয়েক ঘণ্টায় কল বিবরণী পাওয়ার দাবি করা হয়েছে।
সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত ও সরকারি তথ্যের অবৈধ বেচাকেনা নাগরিকদের গোপনীয়তা ও জাতীয় তথ্যনিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে তথ্য সুরক্ষা জোরদার, অনলাইন প্ল্যাটফর্মগুলোর নজরদারি বৃদ্ধি এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।