একটি চিরকুট ঘিরে মেহেরপুরের গাংনীতে ছড়িয়ে পড়ে বোমা আতংক। কালো টেপে মোড়ানো একটি জর্দার কৌটার গায়ে লাগানো ছিল চিরকুটটি। তাতে লেখা, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’ তবে বস্তুটি পরীক্ষা করে এর ভেতরে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার নবীনপুর গ্রামের একটি খেলার মাঠের পাশে নির্মাণাধীন ভবনের পিলারের ওপর বস্তুটি দেখতে পান স্থানীয় লোকজন। কালো টেপে মোড়ানো বস্তুটির গায়ে চিরকুট দেখতে পেয়ে তাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, কোনো এক যুবক তার প্রেমিকাকে উদ্দেশ করে চিরকুটটি লিখে থাকতে পারেন। জর্দার কৌটায় তৈরি বোমাসদৃশ বস্তুটির গায়ে চিরকুট লাগিয়ে আলোচনার সৃষ্টি করার চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে এটি ঘিরে স্থানীয় লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ওসি আরও জানান, বস্তুটি নিষ্ক্রিয় করার সময় পরীক্ষা করে এর ভেতরে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
এ বিষয়ে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন বলেন, প্রেমের গল্পে সাধারণত প্রেমিক-প্রেমিকারা তৃতীয় পক্ষের উপস্থিতি পছন্দ করেন না। এমন কোনো পরিস্থিতি থেকেই কেউ হয়তো এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। উৎস: নিউজ২৪