সরওয়ার আজম মানিক, কক্সবাজার : দেশের পর্যটন রাজধানী হিসেবে পরিচিত কক্সবাজারকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। পর্যটনশিল্পের সম্ভাবনা, স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য, বিনোদন এবং নানা ধরনের পর্যটন অভিজ্ঞতা একসঙ্গে তুলে ধরার লক্ষ্য নিয়ে এ আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। কার্নিভালটির পরিকল্পনা ও সার্বিক আয়োজনের দায়িত্বে রয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশন্স লিমিটেড।
আগামী রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজারের হোটেল শৈবালের সমুদ্রসৈকতসংলগ্ন প্রাঙ্গণে ‘ইনট্রোডিউসিং দ্য ওয়েভ অব এক্সপেরিয়েন্স’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্নিভালের আনুষ্ঠানিক সূচনা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মোহাম্মদ তালাত, ১৫ এস আর বি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ মাহমুদুর রহমান, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী এবং ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান।
আয়োজকদের মতে, কক্সবাজার পর্যটন কার্নিভাল কেবল একটি বিনোদনমূলক আয়োজন নয়; বরং দেশের পর্যটনশিল্পের বৈচিত্র্য ও সম্ভাবনা তুলে ধরার একটি বিশেষ উদ্যোগ। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের পাশাপাশি কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, বনাঞ্চল, দ্বীপ, সামুদ্রিক পরিবেশ, স্থানীয় জীবনযাত্রা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে পর্যটকদের সামনে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ তৈরি করবে এ আয়োজন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনি উল আজম বলেন,কার্নিভালে কক্সবাজারের স্থানীয় সংস্কৃতি, বিনোদন, খাবারের বৈচিত্র্য, সৃজনশীল কর্মকাণ্ড এবং পর্যটনের বিভিন্ন অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে পর্যটকদের জন্য কক্সবাজার ভ্রমণকে আরও আনন্দদায়ক ও বৈচিত্র্যময় করে তোলার পাশাপাশি স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট উদ্যোক্তা, ব্যবসায়ী, হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনা তৈরির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
কক্সবাজার দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র হলেও পর্যটন আকর্ষণকে সারা বছর ধরে কার্যকরভাবে কাজে লাগানো, পর্যটকদের অবস্থানের সময় বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে পর্যটননির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ রয়েছে। তিন মাসব্যাপী এ কার্নিভাল সেই সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনি উল আজম বলেনবর্ণিল এ আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যুক্ত হবে এবং দেশি-বিদেশি পর্যটকদের কাছে জেলার আকর্ষণ আরও বাড়বে।