শিরোনাম
◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী? ◈ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক, আবেদন করা যাবে ঘরে বসেই ◈ চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয় চালু, বাড়বে চীনা বিনিয়োগ

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেলনা ভুট্টার খোসাই এখন আয়ের উৎস, ঘরে বসেই আয় করছেন রংপুরের নারীরা

যে ভুট্টার খোসা একসময় ফেলে দেওয়া হতো কিংবা জ্বালানি হিসেবে ব্যবহার করতেন কৃষকরা, সেই খোসাই এখন হয়ে উঠেছে আয়ের নতুন উৎস। রংপুরের মিঠাপুকুরে ফেলে দেওয়া ভুট্টার খোসা দিয়ে তৈরি হচ্ছে ফুলদানি, ব্যাগ, ঝুড়ি, ট্রে, টেবিল ম্যাটসহ দুই শতাধিক ধরনের নান্দনিক ও পরিবেশবান্ধব পণ্য। আর এসব পণ্য তৈরির মাধ্যমে বদলে যাচ্ছে প্রান্তিক নারীদের জীবন।

সংসারের কাজের ফাঁকে হস্তশিল্প তৈরি করে কেউ মেটাচ্ছেন সংসারের খরচ, কেউ চালাচ্ছেন সন্তানের পড়াশোনা, আবার কেউ হচ্ছেন স্বাবলম্বী। একই সঙ্গে ফেলনা খোসা বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরাও। এভাবে কৃষিবর্জ্যকে সম্পদে রূপ দিয়ে গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছেন মিঠাপুকুরের নারীরা

জেলার মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর ও এর আশপাশের এলাকায় এই সম্ভাবনাময় হস্তশিল্পের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছেন বেশ কিছু নারী। স্থানীয় নারীদের সুনিপুণ ও উদ্ভাবনী চিন্তায় ভুট্টার খোসা থেকে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের দুই শতাধিকের বেশি আকর্ষণীয় ও পরিবেশবান্ধব পণ্য। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ফুলদানি, হ্যান্ডব্যাগ, কাপড় রাখার ঝুড়ি, ট্রে, কিচেন বাস্কেট, কলমদানি, টেবিল ম্যাট, টিস্যু বক্স ও জুয়েলারি বক্স।

বৈচিত্র্যময় পণ্য উৎপাদন, নারীদের কর্মসংস্থান, কৃষকদের বাড়তি আয় এবং রপ্তানির সম্ভাবনাকে ঘিরে অন্য যেকোনো সময়ের চেয়ে এখন ভুট্টার খোসার কদর অনেক বেশি। উদ্যোক্তারা বলছেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুরেও এই হস্তশিল্পের প্রসার ও বিকাশে সরকারি এবং বেসরকারি পৃষ্টপোষকতা বাড়ানো গেলে গ্রামীণ অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা সম্ভব হবে।

Advertisement

প্রান্তিক নারীদের কর্মসংস্থান ও আত্মানির্ভরশীলতা

ভুট্টার খোসা থেকে হরেক রকম পণ্য তৈরি করছেন মিঠাপুকুরের নারীরা। তবে এ কাজে এলাকার সাঁওতাল নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। অনেকেই এই উদ্যোগে যুক্ত হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করছেন। তাদেরই একজন আদুরী ঋষি। তার স্বামী দিনমজুর হওয়ায় অভাবের সংসার। এই কাজ শিখে অবসর সময়ে জিনিসপত্র তৈরি করে তিনি কিছুটা আর্থিক স্বাচ্ছন্দ্য এনেছেন সংসারে।

আরেক নারী হাওয়া বেগম জানালেন, তারা মা-মেয়ে ভুট্টার খোসা দিয়ে হস্তশিল্পের বিভিন্ন পণ্য তৈরির প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এখন খোসার তৈরি পণ্য বিক্রি করে  নিজেরাই স্বাবলম্বী। এই কাজ করে যে আয় করি, তা দিয়ে দিব্যি সংসারের খরচ যোগান দিতে পারছেন।

দক্ষিণ মমিনপুর এলাকার রিনা মিনজি বলেন, আমরা সাধারণত রাতে এই কাজ করি। দিনের বেলায় স্বামী-সন্তান ও পরিবারের কাজ করি। রাতে অবসরে নিজের ঘরে বসে কাজ করি। এই কাজ থেকে যে টাকা পাই, তা দিয়ে ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ চালাই। পাশাপাশি সংসারের খরচও মেটাতে পারি।

একই এলাকার বুল্লি টপ্পো পায়রাবন্দ ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তিনি বলেন, আগে পড়াশোনার খরচের জন্য পরিবারের ওপর নির্ভর করতে হতো। এখন এই কাজ করে নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতে পারি। পরিবারের কাছ থেকে আর টাকা নিতে হয় না।

ফেলনা খোসা থেকে কৃষকদের বাড়তি আয় 

আগে ভুট্টার খোসা কেবল জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু আধুনিক চুলার (ইলেকট্রিক বা গ্যাস) ব্যবহারের কারণে খোসার ব্যবহার নেই বললেই চলে। বিকল্প ব্যবহার সুযোগ না থাকায় বেশির ভাগ ভুট্টাচাষি খোসা নিয়ে বিপাকে ছিলেন। তবে এখন ভুট্টার খোসা থেকে বিভিন্ন পণ্য তৈরি হওয়ায় কৃষকরাও লাভবান হচ্ছেন। বর্তমানে কৃষকরা বিঘাপ্রতি প্রায় ১ হাজার ২০০ টাকায় ভুট্টার খোসা বিক্রি করছেন।

উপজেলার ভুট্টাচাষি রানা ও মোজাম্মেল হকের মতে, এই খোসা বিক্রির অর্থ দিয়েই চাষাবাদের খরচ কিংবা গাছ থেকে ভুট্টা তোলার শ্রমিক খরচ সহজে উঠে আসছে।

আরেক ভুট্টাচাষি আবু বকর জানান, আগে খড়কুটোর মতো করেই ভুট্টার খোসা ব্যবহার করতেন। কিন্তু এখন তার পরিবার ভুট্টার খোসা যত্ন করে বস্তায় ভরে রাখেন। ভুট্টার মৌসুম ছাড়াও অন্য সময়েও খোসা বিক্রি করে তিনি বাড়তি আয় করছেন।

উদ্যোক্তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ সম্ভাবনা

উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘নিউট্রিসাইকেল বায়োসলিউশন’এর নুর ইসলাম নাঈম জানান, তারা এই প্রকল্পকে উত্তরবঙ্গজুড়ে বিস্তৃত করতে চান। বর্তমানে বিভিন্ন এনজিও এবং বহুজাতিক কোম্পানি তাদের পণ্য কিনছেন। আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব এসব পণ্যের বিপুল চাহিদা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে।

তিনি আরও বলেন, প্রতিদিন মানুষ একটি ক্রেডিট কার্ডের সমপরিমাণ মাইক্রো প্লাস্টিক খেয়ে থাকে। তাই পরিবেশবান্ধব পণ্য তৈরির ভাবনা থেকে এই উদ্যোগ। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ উদ্যোগকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব।

প্লাস্টিকের ব্যবহার কমে বাড়বে গ্রামীণ কর্মসংস্থান

জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি বাংলাদেশ (নাসিব)-এর রংপুর জেলা সভাপতি রাকিবুল হাসান রাকিব বলেন, পরিবেশবান্ধব পণ্যের প্রসার এবং প্রান্তিক নারীদের অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে ভুট্টার খোসা দিয়ে পণ্য তৈরির এই উদ্যোগ এক অনুকরণীয় মডেল। যথাযথ প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ এবং সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির একটি শক্তিশালী ক্ষেত্র হয়ে উঠতে পারে। এতে একদিকে কৃষিবর্জ্যের পরিমাণ কমবে, অন্যদিকে প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি আরও মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রশাসনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি

রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি তাদের কাজ পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

সূত্র : ঢাকা পোস্ট 

  • সর্বশেষ