শিরোনাম
◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় লিমনের মৃত্যুদণ্ড, আরও ২০ বছরের কারাদণ্ড

ইফতেখার আলম বিশাল : রাজশাহীতে বাসায় ঢুকে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৫) কুপিয়ে হত্যার মামলায় একমাত্র আসামি লিমন মিয়াকে (৩৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আরও দুটি ধারায় তাঁকে ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার এক দিন আগেই মামলাটির রায় ঘোষণা করা হলো।

দণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ নভেম্বর রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকার একটি বহুতল ভবনে বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় হামলা চালান লিমন। এ সময় বিচারকের ছেলে তাওসিফকে কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত হন তাঁর স্ত্রী তাসমিন নাহার লুসি।

Advertisement

ঘটনার পর পুলিশ আহত অবস্থায় লিমনকে আটক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন ১৪ নভেম্বর বিচারক আবদুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় লিমনকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে লিমনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

মামলার বিচার চলাকালে বাদী ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ মোট ২৮ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেছেন, এ ধরনের ঘটনা আইন ও বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ। বিচারকের স্ত্রীর কাছ থেকে টাকা ধার নিয়ে তা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন অর রশিদ জানিয়েছেন, তাঁরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

নিহত তাওসিফ রাজশাহী নগরীর একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। লিমনের সঙ্গে তাঁর মা তাসমিন নাহার লুসির পূর্বপরিচয় ছিল। আর্থিক সহায়তা দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয় বলে জানা গেছে।

এ ঘটনায় হত্যাকাণ্ডের আগে সিলেটের জালালাবাদ থানায় লিমনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাসমিন নাহার। গত বছরের ৬ নভেম্বর দায়ের করা ওই অভিযোগে তাঁকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, কোয়ান্টাম ফাউন্ডেশনের এক সদস্যের মাধ্যমে লিমনের সঙ্গে তাঁর পরিচয় হয়। লিমনের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় কয়েক দফায় তাঁকে আর্থিক সহায়তা দিয়েছিলেন তাসমিন। পরে আর্থিক সহায়তা দিতে অপারগতা প্রকাশ করলে লিমন ক্ষুব্ধ হয়ে তাঁকে ফোনে হুমকি দিতে থাকেন। এমনকি ৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে লিমন তাঁর মেয়েকে ফোন করে তাসমিন ও পরিবারের অন্য সদস্যদের হত্যার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার বিবরণে আরও জানা যায়, হত্যাকাণ্ডের দিন বিচারকের ভাই পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেন লিমন। ওই সময় বাসায় তাওসিফ ও তাঁর মা ছাড়া অন্য কেউ ছিলেন না। হামলার পর তাওসিফের রক্ত নিজের শরীরে মেখে আহত হওয়ার ভান করে পড়ে থাকেন তিনি। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তাঁর মাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় লিমনকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য লিমনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ