বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর আফির মেমোরিয়াল হাসপাতালে এক সদ্যজাত শিশুর পিতৃত্ব দাবি করেছেন দুই ব্যক্তি—একজন মুসলিম ও অন্যজন হিন্দু। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শান্তা নামের এক নারী সন্তান জন্ম দেওয়ার সময় হাসপাতালে তাঁর পাশে ছিলেন সুভাষ নামের এক ব্যক্তি, যিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। তবে সন্তান জন্মের পরপরই হাসপাতালে উপস্থিত হন এমদাদুল নামের অপর এক যুবক।
এমদাদুলের দাবি, কয়েক বছর আগে ভালোবেসে তিনি শান্তাকে বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন এবং তাঁরা ঢাকায় একসংগে সংসার করে আসছিলেন। সন্তান সম্ভবা হওয়ার পর শান্তা বাবার বাড়ি আসেন। নিজের দাবির স্বপক্ষে বিয়ের কাবিননামা ও নানা কাগজপত্র প্রদর্শন করেন এমদাদুল।
এমদাদুল জানান, তাঁর সাথে বৈবাহিক সম্পর্ক বজায় থাকা অবস্থায় তথ্য গোপন করে সুভাষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শান্তা এবং পরবর্তী সময়ে তাঁকে বিয়ে করেন।
এদিকে এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পরপরই স্থান ত্যাগ করেন সুভাষ। তবে নারীর দাবি, এমদাদুলের সঙ্গে তাঁর কোনো বিয়েই হয়নি এবং তিনি এই সন্তানের বাবা নন। যদিও এমদাদুলের দেখানো কাবিননামা ও অন্যান্য কাগজপত্রের বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।
একই শিশু ঘিরে দুজনের বিপরীতমুখী দাবিতে রহস্য সৃষ্টি হয়েছে। শিশুটির প্রকৃত পিতা কে, তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।