এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বড় ভাইয়ের মৃত্যুর দুই দিনের মাথায় মারা গেল লাইফ সাপোর্টে থাকা ছোট ভাই মোহাম্মদ আবু বক্কর আরব (১০ মাস)। ডেঙ্গুর পাশাপাশি হাম ও নিউমোনিয়ার উপসর্গেও ভুগছিল শিশুটি।
সোমবার (৯ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় বলে জানান তার বাবা মোহাম্মদ কবির। দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা মোহাম্মদ কবির ও মা আয়েশা বেগম।
এর আগে শুক্রবার সকালে একই হাসপাতালে মারা যায় আরবের ১০ বছর বয়সী বড় ভাই মোহাম্মদ আরাফাত। তারও ডেঙ্গু হয়েছিল। পরে দেখা দেয় হাম ও নিউমোনিয়ার উপসর্গ।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে দুই সন্তানকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ছুটেছেন কবির ও তাঁর স্ত্রী। বড় ছেলে আরাফাতকে প্রথমে সাউদার্ন মেডিকেলে, পরে ইমপেরিয়াল হাসপাতালে এবং সর্বশেষ মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
দুই সন্তানের চিকিৎসা করাতে গিয়ে অনেক ধারদেনাও করতে হয়েছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কবিরকে। তবু সন্তানদের বাঁচাতে না পারার বেদনা এখন তাঁর পরিবারকে নিঃস্ব করে দিয়েছে।
ছোট ছেলের মৃত্যুর পর কান্নাজড়িত কণ্ঠে কবির বলেন, ‘ভাই, আমার ছোট ছেলেটাও চলে গেছে। আধঘণ্টা আগে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন। আমি কী নিয়ে থাকব এখন?’
তিনি জানান, সকালে ছোট ছেলের মরদেহ নিয়ে গিয়ে বড় ছেলের পাশে মোমেনবাগ কবরস্থানে দাফন করবেন। দুই ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবির ও আয়েশা। এখন হাসপাতাল থেকে তাঁদের ফিরতে হচ্ছে একা।