আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে নেত্রকোনা, বাগেরহাট, চট্টগ্রাম, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার নারী ও পুরুষ রয়েছেন।
দেশে ফেরার পর তাদের গ্রহণ করে রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি। সংস্থাগুলো তাদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর এসব বাংলাদেশি ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে আইনি জটিলতার কারণে তাদের তামিলনাড়ুর বিভিন্ন হোমে রাখা হয়। সেখানে কেউ ৯ মাস, আবার কেউ দুই বছর পর্যন্ত অবস্থান করেন। পরবর্তীতে বাংলাদেশ ও ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরার সুযোগ দেওয়া হয়।
দেশে ফেরা ব্যক্তিদের অভিযোগ, দালালদের মাধ্যমে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ভারতে নেওয়া হয়েছিল। সেখানে যাওয়ার পর তারা পুলিশের হাতে আটক হন। এছাড়া কখনো ভালো চাকরির আশ্বাস, আবার কখনো প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে নারী ও কিশোরীদের ভারতে পাচার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এদিকে পাচার প্রতিরোধে দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন কাজ করলেও মানবপাচার পুরোপুরি বন্ধ হচ্ছে না। পাচারের শিকার অনেককে ভারতে নিয়ে বিক্রি করে দেওয়া এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহারের অভিযোগও রয়েছে।
রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ৪৭ জন বাংলাদেশিকে ভারতীয় পুলিশ ফেরত দিয়েছে। তাদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি জানান, চলতি সেপ্টেম্বর মাসে এ নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে মোট ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান বলেন, ভারতীয় পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ৪৭ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের গ্রহণ করেছে।