স্পোর্টস ডেস্ক : আশ্রয়প্রার্থী ভেবে লঙ্কা কাণ্ডই ঘটতে যাচ্ছিলো ইংল্যান্ডে। সে দেশে আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছে। পোর্টসমাউথের একটি হোটেলের বাইরে জড়ো হন কয়েক ডজন বিক্ষোভকারী। তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, যাদের ঘিরে এই বিক্ষোভ, তারা আসলে পাকিস্তানের যুব ক্রিকেট দলের সদস্য।
বুধবার পোর্টসমাউথের ওই হোটেলের সামনে প্রায় ৪০ থেকে ৫০ জন বিক্ষোভকারী জড়ো হন। তাদের ধারণা ছিল, হোটেলটিতে আশ্রয়প্রার্থীদের রাখা হয়েছে। সেই অভিযোগেই তারা সেখানে বিক্ষোভ শুরু করেন। পরে স্থানীয় কাউন্সিলর ও হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পরিষ্কার করেন। তারা জানান, হোটেলে অবস্থানকারীরা আশ্রয়প্রার্থী নন; পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড় ও দলের সঙ্গে থাকা কর্মকর্তারাই সেখানে অবস্থান করছেন। --- ডেইলি ক্রিকেট
এই বিষয়ে ইংল্যান্ডের রিফর্ম পার্টির কাউন্সিলর জর্জ ম্যাডউইক গণমাধ্যমে বলেন, ‘আমি দলের কোচের সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টি খুব ভালোভাবে বুঝেছেন। এরপর আমি বিক্ষোভকারীদের বলেছি, “আপনারা ভুল করছেন। এটা একটি ক্রিকেট দল।” কয়েক মিনিটের মধ্যেই তারা চলে যায়। ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।
ইংল্যান্ড সফরে থাকা পাকিস্তানের যুব দলটি বিভিন্ন ম্যাচ ও প্রস্তুতি কার্যক্রমে অংশ নিচ্ছে। দলের অবস্থানকে ঘিরে এমন ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী ও অভিবাসন ইস্যুতে উত্তেজনা ও বিতর্ক বাড়ার মধ্যেই ঘটল এই ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য যাচাই না করে বিক্ষোভে জড়িয়ে পড়ার ঘটনাটি সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে। পরে বিষয়টি পরিষ্কার হওয়ার পর নিশ্চিত হয়—যাদের আশ্রয়প্রার্থী মনে করে বিক্ষোভ করা হয়েছিল, তারা আসলে মাঠে নামার অপেক্ষায় থাকা পাকিস্তানের তরুণ ক্রিকেটার।