ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক নৃশংস সন্ত্রাসী হামলায় ১ নং ভায়না ইউনিয়ন পরিষদের সদস্য মোলাম হোসেন (৫০) নিহত হয়েছেন।
বুধবার দুর্বৃত্তরন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হামলা করে গুরুতর আহত করে।পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়। নিহত মোলাম হোসেন হরিণাকুন্ডু উপজেলার কালশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি ১ নং ভায়না ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে আনুমানিক ৮ ঘটিকার সময় ইউপি মেম্বার মোলাম হোসেন নিজ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত ও গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাঁকে উদ্ধার করতে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় গ্রামবাসী ও স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে হরিণাকুন্ডু থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল শেষে নিহতের লাশ বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে।”এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।