স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকটা স্মরণীয় করে রাখলেন। বল হাতে স্পিনের জাদু দেখিয়ে মাত্র ১৩ রান? খরচায় তুলে নিয়েছেন ৩ উইকেট। মিরাজের সঙ্গে ইমরান তাহিরের ঘূর্ণিতে সেন্ট লুসিয়া কিংসকে ১১৯ রানে গুটিয়ে দিয়ে শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই গায়ানার স্পিনারদের সামনে বিপাকে পড়ে সেন্ট লুসিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন কামিল পুরান। ওবার পিয়েনার করেন ৩৫। এ দুজন ছাড়া আর কোনো ব্যাটারই গায়ানার বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। ১৮.৫ ওভারে মাত্র ১১৯ রানেই অলআউট হয়ে যায় কিংস।
ইনিংসের শুরুতেই মিরাজের হাতে বল তুলে দিয়েছিল গায়ানা। জন ক্যাম্পবেলকে ফিরিয়ে জুটি ভাঙার পর নিজের প্রভাব আরও বাড়ান বাংলাদেশের এই অলরাউন্ডার। স্পিন সহায়ক উইকেটের পূর্ণ সুবিধা নিয়ে একে একে ক্যামল স্যাভরি ও চারিথ আসালাঙ্কাকেও সাজঘরে ফেরান তিনি।
অন্য প্রান্তে অভিজ্ঞ ইমরান তাহিরও ছিলেন দুর্দান্ত। কামিল পুরান ও রোস্টন চেজকে ফিরিয়ে কিংসের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন ৪৭ বছর বয়সী তাহির। আর মিরাজ ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে নেন ৩ উইকেট।
১২০ রানের লক্ষ্যে নেমে গায়ানাকেও খুব সহজে ছাড়েনি সেন্ট লুসিয়া। পাঁচ নম্বরে নেমে মিরাজ ব্যাট হাতে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি। ৪ বলে মাত্র ১ রান করে ফিরে যান তিনি। তবে গ্লেন ফিলিপস ও কুইন্টন ডি ককের ব্যাট গায়ানাকে জয়ের পথে রাখে।