শিরোনাম
◈ ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পেতে যা করতে হবে ◈ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ◈ লাখো আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠাতে কঠোর পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ◈ সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, জামায়াতের আবেদন কার্যতালিকা থেকে বাদ ◈ ছুটি শেষে ফিরেই দুঃসংবাদ: আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের আতঙ্ক, বিপাকে হাজারো বাংলাদেশি প্রবাসী ◈ মডেল স্নিগ্ধা কে নিয়ে যা বললো শাহরিয়ার নাজিম জয়(ভিডিও) ◈ কাঁচাবাজার স্থানান্তর নয়, কারওয়ান বাজারেই আধুনিক শপিং মল ও আড়ত চান ব্যবসায়ীরা ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়াতে পারে আইসিসি ◈ ডলার নয়, ভারতীয় রুপিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে চায় রাশিয়া

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০১:১৭ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুষের ভিডিও ভাইরাল: বদলি হলেন নগরকান্দার সেই ভূমি কর্মকর্তা, বিভাগীয় ব্যবস্থা শুরু

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা সারোয়ার হোসেনের বিরুদ্ধে সেবা দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে বর্তমান কর্মস্থল ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিস থেকে বদলি করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সেখানেই দায়িত্ব পালন করবেন।

নগরকান্দা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই অফিস চলাকালে এক সেবাগ্রহীতার কাছ থেকে অর্থ গ্রহণের একটি ভিডিও ধারণ করা হয়। পরে ২৭ জুলাই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওতে সারোয়ার হোসেনকে এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণের পর বলতে শোনা যায়, “এক মাসের মধ্যে কাজ কমপ্লিট করে দেওয়া হবে।” অভিযোগ ওঠে, সরকারি সেবা দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়েই ওই অর্থ গ্রহণ করা হয়েছিল।

ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় বাসিন্দারা ভূমি অফিসে ঘুষের সংস্কৃতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে ২৮ জুলাই অভিযুক্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, অভিযুক্ত কর্মকর্তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেছেন। তবে তার আচরণে সরকারি সেবার প্রতি জনআস্থা ক্ষুণ্ন হয়েছে এবং ভূমি প্রশাসনের ভাবমূর্তি নষ্ট হয়েছে উল্লেখ করে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস বলেন, উপজেলা প্রশাসনের সুপারিশের ভিত্তিতে সারোয়ার হোসেনকে তাৎক্ষণিকভাবে ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, এর মাত্র একদিন আগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হলে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়। পরপর দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘটনায় জেলার ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়