সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে প্রাইভেট কারে অভিনব কৌশলে লুকিয়ে পাচারকালে সোয়া তিন কোটি টাকার বেশী মূল্যের এক লাখ ছয় হাজার ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম খোকন (৩৬) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিয়া পাড়ার মোহাম্মদ ইসমাইলের ছেলে।
লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, সোমবার রাতে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) টেকনাফ উপজেলার বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত যানবাহন কার্যক্রম চলছিল। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা একটি প্রাইভেট কার সেখানে এলে থামানো হয়। এসময় চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় গাড়ীটি পুঙ্খানুপুঙ্খ তল্লাশী চালানো হয়েছে।
“এসময় গাড়ীটির সামনের বাম্পারে অভিনব কৌশলে লুকানো অবস্থায় পাওয়া ১ লাখ ৬ হাজার ইয়াবা। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ২৮ লাখ টাকা। পরে চালককে আটক এবং গাড়ীটি জব্দ করা হয়েছে। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, বিজিবির এ কর্মকর্তা।