কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে গাঁজা সেবনের দায়ে মোহাম্মদ মোরশেদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে মোবাইল কোর্টে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত ( ১ মে রাত ১২টা ৪৫ মিনিটে ) স্থানীয় জনগণ তাকে শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টাইম বাজার সংলগ্ন পাকা রাস্তার ওপর গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে আহত করে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে এবং তার কাছ থেকে গাঁজা জব্দ করে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
পরে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্তকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।