সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের পেকুয়ার জলদস্যু স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ৩৭ মামলার আসামী রাজাখালীর নুরুল আবছার প্রকাশ বদুর বিরুদ্ধে এবার এক নারী ইউপি সদস্যকে মারধর ও শীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে।
প্রতিবাদ ও অভিযুক্ত নুরুল আবছার বদুর গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
ভুক্তভোগী নারী রাজাখালী ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য ছাদেকা বেগম।
অভিযুক্ত নুরুল আবছার প্রকাশ বদু একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জলদস্যু তালিকার তালিকাভুক্ত জলদস্যু নুরুল আবছার প্রকাশ বদুর বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি,অবৈধ অস্ত্র,পুলিশি কাজে বাধা,পুলিশকে মারধর, সংখ্যালঘু নির্যাতন,মাছ ব্যবসার আড়ালে মাছের ট্রলারে করে ইয়াবা পাচার,বিশেষ বাহিনী গঠন করে দস্যুতা, অস্ত্রের মুখে জিম্মি করে লবণ মাঠ এবং চিংড়ি ঘের দখল,মানব পাচারসহ ৩৭ টি মামলা রয়েছে।
গত ২০ এপ্রিল দুপুর ১টায় রাজাখালী ইউনিয়ন পরিষদে মৎস্য কার্ডের চাল বিতরণের সময় নুরুল আবছার প্রকাশ বদু কর্তৃক বয়োবৃদ্ধ প্রতিবন্ধী লোককে মারধর করার প্রতিবাদ করায় ওই নারী ইউপি সদস্যকে মারধর ও শীলতাহানি করে নুরুল আবছার বদু।
জানা যায়, সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধের আওতায় গত ২০ এপ্রিল দুপুরে রাজাখালী ইউনিয়ন পরিষদে মৎস্য কার্ডের চাল বিতরণ চলছিল, এ সময় ৬ নং ওয়ার্ডের বয়োবৃদ্ধ জেলে মনছুর আলম প্রতিবন্ধী হওয়ায় আগে চাল দেওয়ার অনুরোধ জানালে নুরুল আবছার বদু ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করে ওই প্রতিবন্ধীকে মারধর করে। এসময় প্রতিবন্ধীকে মারধর করার প্রতিবাদ করলে নারী ইউপি সদস্য ছাদেকেও মারধর করে । এতে নারী ইউপি সদস্যের বুকে ও তলপেটে জখম হয়। এক পর্যায়ে নারী ইউপি সদস্যের পড়নের কাপড় টেনে ছিড়ে ফেলে শীলতাহানি করে। উপস্থিত লোকজন নারী ইউপি সদস্যকে উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
নারী ইউপি সদস্যকে মারধর ও শীলতাহানির ঘটনায় অভিযুক্ত বদুর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
শনিবার ( ২ মে ) সকাল ১১ টায় দক্ষিণ সুন্দরী পাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ৩৭ মামলার আসামী স্বরাষ্ট্রমন্ত্রাণয়ের তালিকা জলদস্যু সন্ত্রাসীর গডফাদার বদু সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনি পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মানববন্ধনে আব্দু রহমান, আকতার হোছেন, মিনা আকতার, সাজেদা বেগম ও খতিজা বেগমসহ অনেক বক্তব্য দেন। এসময় সংরক্ষিত ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণীর পেশাজীবি অসংখ্য নারী পুরুষ উপস্থিত ছিলেন।
ভুক্তভোগি নারী ইউপি সদস্য ছাদেকা বেগম বলেন, একজন প্রতিবন্ধীকে মারধর করার প্রতিবাদ করায় বদু আমার উপর হামলা করে। আমি প্রতিকার চেয়ে তার বিরুদ্ধে কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার,উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছি। এর আগে তার বিরুদ্ধে পেকুয়া থানায় এজাহার দায়ের করি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু বদুকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি করছি।
এবিষয়ে পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হক বলেন,অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। অভিযোগের সত্যতা নিশ্চিত করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।