শিরোনাম
◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৫:৫৭ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে মাইকিং করে মাদক ছাড়ার ঘোষণা দিলেন যুবক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলায় মাইকিং করে মাদক ছাড়ার ঘোষণা দিয়েছেন এক যুবক। একই সঙ্গে এলাকায় কেউ নেশাজাতীয় দ্রব্য সেবন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের ইস্তা এলাকায় এই ঘটনা ঘটে। ওই যুবকের নাম ফাইম হোসেন (৩০)। তিনি ইস্তা মসজিদ মোড় থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক বেঁধে ঈশ্বরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারটি গ্রাম ঘুরে নিজের সিদ্ধান্তের কথা প্রচার করেন।

মাইকিংয়ে ফাইম বলেন, ‘ইস্তা এলাকার যাঁরা মাদক সেবন করেন, তাঁদের বলছি—আজকের পর থেকে এখানে কেউ নেশা করতে আসবেন না। আমিও আগে মাদক নিতাম, কিন্তু আজ থেকে তা ছেড়ে দিলাম। যদি কেউ আমাকে আবার সেবন করতে দেখেন, পুলিশে জানাবেন। এলাকায় অন্য কেউ মাদক গ্রহণের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ পরে যোগাযোগ করলে ফাইম হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন।

সোমবার রাতে মাদক সেবনের সময় কয়েকজন বন্ধুর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি অপমানিত বোধ করেন। এরপরই তিনি মাদক ছাড়ার সিদ্ধান্ত নেন। নিজের এই প্রতিজ্ঞা সবার সামনে তুলে ধরতে ৩৫০ টাকা দিয়ে মাইক ভাড়া করেন তিনি। ফাইম বলেন, ‘আমি সত্যিই এই নেশা থেকে বের হতে চাই। নেশা জীবন ধ্বংস করে দেয়—এটা এখন বুঝতে পারছি। আমি চাই, আমার মতো আর কেউ এই পথে না যাক।’ ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, ‘উদ্যোগটি ইতিবাচক। তাঁর এই ঘোষণায় অন্যরাও অনুপ্রাণিত হতে পারেন।’ তবে মনিরুল ইসলাম নামের আরেক বাসিন্দার মতে, কেউ খারাপ অভ্যাস ছাড়লে সেটা অবশ্যই ভালো। কিন্তু এভাবে প্রচার করার প্রয়োজন ছিল কি না, তা নিয়ে প্রশ্ন আছে।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ‘শুনেছি তিনি প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা দিয়েছেন। কেউ যদি সত্যিই এ পথ থেকে সরে আসেন, আমরা তাঁকে স্বাগত জানাই। তবে বিষয়টি যেন কেবল দেখানোর জন্য না হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়