শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম : একটি দেশকে এগিয়ে নিতে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দেশের স্বার্থকে গুরুত্ব দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। আর সেই লক্ষ্য বাস্তবায়নের মধ্য দিয়েই গড়ে তোলা যাবে সবার জন্য বাংলাদেশ।

আজ শনিবার ১৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সবার লক্ষ্য হওয়া উচিত সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ে তুলতে হলে যুবকদেরই এগিয়ে আসতে হবে।’

যুবসমাজের অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য তরুণ রয়েছেন, যারা শিক্ষার্থী কিংবা বিভিন্ন পেশায় যুক্ত থেকেও মানুষের কল্যাণে স্বেচ্ছায় কাজ করছেন। নিজেদের পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তারা মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছেন। তাঁদের এই উদ্যোগ ও অবদান দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement

পুরস্কারপ্রাপ্ত তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় যারা সাফল্য অর্জন করেন, তাঁদের অধিকাংশই তরুণ। একইভাবে মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের আন্দোলনেও তরুণসমাজ সরাসরি মাঠে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, এসব ক্ষেত্রে প্রবীণেরা তাঁদের মেধা, বুদ্ধি ও পরামর্শ দিয়ে ভূমিকা রাখলেও তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের যেকোনো বড় পরিবর্তন ও অগ্রগতির ক্ষেত্রে তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শক্তিকে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

তরুণ উদ্যোক্তা ও মেধাবী যুবকদের সম্ভাবনা কাজে লাগাতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, তরুণ উদ্যোক্তাদের সহায়তায় সরকার স্টার্টআপ ফান্ড বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে। দেশের মেধাবী ও প্রতিভাবান তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে।

প্রধানমন্ত্রী বলেন, তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও কর্মস্পৃহাকে কাজে লাগাতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। তবে শুধু নিজেদের উন্নতির কথা ভাবলে চলবে না; দেশের প্রতিটি মানুষের কল্যাণের বিষয়টিও তরুণদের বিবেচনায় রাখতে হবে।

তাঁর মতে, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল উদ্যোগকে যথাযথভাবে কাজে লাগানো গেলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো এখন শুধু সরকারের নয়, দেশের মানুষেরও। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি তরুণদের দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান। একই সঙ্গে দেশপ্রেম, মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

দেশের বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্য থেকে তিনজন তাঁদের অনুভূতি প্রকাশ করেন। তাঁরা নিজেদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন এবং মানুষের কল্যাণে কাজ করার বিভিন্ন দিক তুলে ধরেন।

যুব সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে দেশের ৪৩২টি যুব সংগঠনকে আর্থিক অনুদান দেওয়া হয়। প্রতিটি সংগঠনকে দুই লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। এই হিসাবে সংগঠনগুলোর জন্য মোট অনুদানের পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ৬৪ লাখ টাকা।

যুব সংগঠনগুলোর কার্যক্রমে আর্থিক সহযোগিতা দেওয়ার মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক উদ্যোগকে আরও শক্তিশালী করা এবং মানুষের কল্যাণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা যায়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তরুণ ও যুবকদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তরুণদের দেশপ্রেম, মানবিকতা ও মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তরুণদের এগিয়ে আসতে হবে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনেও তাঁদের সচেতন হতে হবে।

প্রধানমন্ত্রীর আহ্বান, ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’—এই লক্ষ্য সামনে রেখেই সবাইকে এগিয়ে যেতে হবে।

  • সর্বশেষ